শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত অধিকতর সক্রিয়করণের লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প’-এর উদ্যোগে ইউনিয়ন পরিষদ সম্মিলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সূচনা বক্তব্য দেন- উপজেলা প্রকল্প সমন্বয়কারী সোহেল আহমদ। তিনি গ্রাম আদালতের বিধিমালা, কার্যকারিতা ও উপকারিতা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার গ্রামীণ জনগণের কাছে সহজ ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া স্থানীয় ব্যক্তিত্ব তেরাব আলী, আউয়াল উদ্দিন, হাজি কমর উদ্দিন, গোলাম মোস্তফা, ব্যবসায়ী শাহ আলম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আলী হোসেন, সদস্য আলী আহমদ, আজাদুল হক, জফরুল হক বক্তব্য দেন। তারা গ্রাম আদালতের কার্যক্রম আরও সহজতর করা, প্রতিবন্ধকতা দূর করা এবং সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
সভায় ইউপি সদস্য নৃপেশ দে, আতিকুল ইসলাম, ফজলুল হক, মহিলা সদস্য প্রিয়বালা পাল, হালিমা বেগম স্বপ্না, সমাজসেবক আব্দুল মিয়া, জাবেদ মিয়াসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


