শাবি প্রতিনিধি:
শিক্ষার্থীদের রক্তদানে আরও উৎসাহিত করতে নতুন উদ্যোগ নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রক্তদান বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্চালন। এখন থেকে প্রতি মাসে লটারির মাধ্যমে নির্বাচিত চারজন ‘লাকি ডোনার’কে বিশেষ উপহার প্রদান করা হবে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রথমবারের মতো গত জুলাই মাসে মোট ১৩০ জন রক্তদাতার মধ্য থেকে লটারির মাধ্যমে চারজনকে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রাইডে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলভি আলম, সঞ্চালনের ১৬তম কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট মো. নাদিমুল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাহিমা পারভিন রুহি ও জেনারেল সেক্রেটারি মো. সাকিল। অতিথিরা লাকি ডোনারদের হাতে উপহার তুলে দেন।
এছাড়াও জুলাই মাসে সর্বাধিক রক্ত সংগ্রহ করায় উম্মে সাদিয়া রেশমিকে বেস্ট অর্গানাইজার পুরস্কার প্রদান করা হয়।
জুলাই মাসের লাকি ডোনাররা হলেন,
মোমিন উদ্দিন ,সাদমান মাহমুদ, সাইয়েদ আহমেদ, ও আমির।
সঞ্চালন কর্তৃপক্ষের আশা, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের রক্তদানে আরও অনুপ্রাণিত করবে এবং রোগীদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


