Home Blog Page 66

ওসমান হাদি মারা গেছেন

0

আধুনিক ডেস্ক ::

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বৃহস্পতিবার রাত ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে।

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে বুধবার জানিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং। ওই বার্তার পর থেকেই ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা বাড়ছিল। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শঙ্কার কথা জানান।

ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। তাঁর সঙ্গে তাঁর ভাই ছাড়াও বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা গিয়েছিলেন।

ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী হিসেবে ফয়সাল করিম মাসুদ নামে একজনকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁর সহযোগী আলমগীর শেখ মোটরসাইকেলের চালক ছিলেন বলে তথ্য পেয়েছে পুলিশ ও র‍্যাব। এই দুজন অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে তদন্তসংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে।

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। তাঁদের মধ্যে ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগম (৬০), স্ত্রী সাহেদা পারভিন সামিয়া ও শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু রয়েছেন।

ফয়সালের বাবা–মা ছাড়া বাকিরা হলেন মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, মো. কবির, আব্দুল হান্নান, মো. হিরন, মো. রাজ্জাক, ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার এবং হালুয়াঘাট সীমান্তে মানব পাচারকারী হিসেবে পরিচিত সিমিরন দিও ও সঞ্জয় চিসিম।

২৫ ডিসেম্বর ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান

0

আধুনিক ডেস্ক ::

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওই দিন বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। ১৭ বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে তারেক রহমানের এই ফেরাকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা চাই, তার (তারেক রহমান) এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত ৫৫ বছরের ইতিহাসে যেভাবে, যা কিছু দৃষ্টান্ত হয়েছে, তাকে ছাড়িয়ে যায় এবং আগামী ৫৫ বছরে ইতিহাসেও যেন সে রকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয়, সে রকম একটা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সব আয়োজন হচ্ছে।’

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির গঠন করা অভ্যর্থনা কমিটির আহ্বায়কের দায়িত্বে আছেন সালাহউদ্দিন আহমদ। তাঁর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল আজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করে। এ সময় তারা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বেবিচক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সালাহউদ্দিন আহমদ ছাড়াও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল, তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে বিকেল চারটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। বিএনপির এই নেতা বলেন, ‘আজ (বৃহস্পতিবার) আমরা সরেজমিন বিমানবন্দরে যেখানে তারেক রহমান অবতরণ করবেন, সে জায়গা, কোথা থেকে গাড়িতে উঠবেন এবং সব রাস্তা পরিদর্শন করেছি। যেখান থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন, বাসায় যাবেন।’

তারেক রহমানের আগমন ঘিরে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করতে গিয়েছিলেন বলে জানান সালাহউদ্দিন আহমদ। তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি নিয়ে আলাদাভাবে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে দলের নিরাপত্তা টিম কথা বলেছে বলে জানান তিনি।

তারেক রহমানের মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তারেক রহমান দেশে ফিরে সরাসরি হাসপাতালে মাকে দেখতে যেতে পারেন। তাই তারেক রহমান দেশে ফেরার পর তাঁকে সংবর্ধনা দেওয়ার জন্য বিমানবন্দর ও এভারকেয়ার হাসপাতালের কাছাকাছি উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

বিএনপির একাধিক সূত্র জানায়, ঢাকায় আসার পর তারেক রহমান গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন। এই বাসার পাশেই ‘ফিরোজা’। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কয়েক বছর ধরে এ বাসাতেই থাকছেন।

জিগাতলায় ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

0

আধুনিক ডেস্ক ::

রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম জান্নাত আরা রুমি (৩০)। জান্নাত আরা রুমি ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি নওগাঁর পত্নীতলায়। তাঁর বাবার নাম জাকির হোসেন। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা ফেসবুক পোস্টে জানান, কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের হুমকি ও সাইবার বুলিংয়ের কারণে জান্নাত আরা রুমি আত্মহত্যা করেছেন। ওই পোস্টে তিনি লেখেন, এটি আত্মহত্যা নয় খুন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, এনসিপির নেত্রী জান্নাত আরা বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি জিগাতলার ওই ছাত্রী হোস্টেলের একটি কক্ষে একা থাকতেন। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ ওই হোস্টেলে যায়। ওসি বলেন, পরিচারিকা ডাকাডাকির পর দরজায় ধাক্কাধাক্কি করেন। এ সময় হার্ডবোর্ডের দরজার ছিটকানি খুলে যায়। পরে পুলিশ সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় জান্নাত আরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে জান্নাত আরার মরদেহ উদ্ধারের ঘটনায় বেলা সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে পোস্ট দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। সেখানে তিনি জানান, গত মাসে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন ধানমন্ডি ৩২ নম্বরে জিয়ার কবর খুঁড়তে চাওয়া রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজনকে পিটিয়ে পুলিশের কাছে দিয়েছিলেন জান্নাত আরা। এর পর থেকে আওয়ামী লীগ জান্নাত আরাকে সাইবার বুলিং, হত্যা ও ধর্ষণের হুমকি দিচ্ছিলেন বলে তারেক রেজা তার পোস্টে জানান। ওই পোস্টে তারেক রেজা আরও লেখেন, এ কারণে জান্নাত আরা রাতে আত্মহত্যা করেছে। ফেসবুকে দেওয়া ওই পোস্টে তারেক রেজা আরও লিখেছেন, এটাকে আমরা আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই। এটা খুন। যারা আমার বোনের জীবনকে তছনছ করে দিয়েছে, তাদের জীবন আমরা শান্তিতে কাটাতে দেব না।

ধর্মপাশায় ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ১

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নে বুধবার রাতে ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চালিয়ে ওয়াজেদ আলী খান (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ। তিনি ধর্মপাশা উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক পদে রয়েছেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৭ডিসেম্বর ১৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫থেকে ২০জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়। এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গতকাল রাত একটার দিকে সদর ইউনিয়নের নোয়াগাও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্ল্যা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়েছে: তাজুল ইসলাম

0

১৩ বছর আগে গুমের পর বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে হত্যা করা হয় বলে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গুম-খুনের অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় বুধবার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তদন্তে তাঁর বিরুদ্ধে এক শর বেশি মানুষকে গুমের পর হত্যার অভিযোগ আনা হয়েছে।

ইলিয়াস আলী ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক। ছাত্রদলের সাবেক এই সাধারণ সম্পাদক সিলেট-২ আসনে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১২ সালের এপ্রিলে ঢাকার বনানীতে বাসার কাছ থেকে ইলিয়াস আলীকে তুলে নেওয়া হয়েছিল, তার পর থেকে তাঁর কোনো খোঁজ আর পাওয়া যায়নি।

গণ–অভ্যুত্থানের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর আওয়ামী লীগ সরকার আমলে গুমের ঘটনাগুলো তদন্ত শুরু হয়। এই গুম-খুনের অন্যতম ‘কুশীলব’ হিসেবে র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ ছিল।

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর সেনাবাহিনীর চাকরি হারিয়ে গ্রেপ্তার হন জিয়াউল। গুমের ঘটনার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তে ইলিয়াস আলীসহ বিভিন্নজনকে গুম করার ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানান তাজুল ইসলাম।

তাজুল ইসলাম বলেন, ‘ইলিয়াস আলীকে উঠিয়ে নেওয়া, রাস্তা থেকে তাকে গুম করা এবং তাকে পরবর্তী সময় হত্যা করা হয়েছে বলে তদন্তে জানা গেছে।’
২০১৫ সালে বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব (বর্তমান স্থায়ী কমিটির সদস্য) সালাহউদ্দিন আহমদকে গুম করে ভারতে পাচার করে দেওয়ার পেছনেও জিয়াউল আহসান ছিলেন বলে জানান তাজুল। তিনি আরও বলেন, ২০১৩ সালে ঢাকার তেজগাঁও থানার বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনসহ আটজনকে তুলে নেওয়ার কাজটি জিয়াউল আহসানের নির্দেশ এবং তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছিল।

ইলিয়াস আলীসহ বিরোধী নেতাদের আওয়ামী লীগ আমলে গুম হওয়ার ঘটনাগুলোয় সরকারি সংস্থার বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল। দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলোও সরব হয়েছিল, তবে তখন কোনো সংস্থাই স্বীকার করেনি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা তখন গুমের অভিযোগগুলোকে ‘নাটক’ বলেও আখ্যায়িত করেছিলেন।

তাজুল জানান, ইসলামী ছাত্রশিবিরের নেতা গোলাম কিবরিয়া মিহিন, হাফেজ জাকির, চৌধুরী আলম—এমন কয়েকটি উল্লেখযোগ্য গুমের ঘটনার পরিকল্পনাকারীও ছিলেন জিয়াউল আহসান।

গুমের পর হত্যার ঘটনায় জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ প্রসিকিউশন উপস্থাপনের পর ট্রাইব্যুনাল তা আমলে নেন। গুমের তদন্তে ৫০০ মানুষকে হত্যার বিষয়ে প্রসিকিউশনের কাছে তথ্য এসেছে বলে জানান প্রধান প্রসিকিউটর।

জিয়াউল ১৯৯১ সালে সেনাবাহিনীতে যোগ দেন। ২০০৯ সালে মেজর থাকাকালে তিনি র‍্যাব-২-এর উপ–অধিনায়ক হন। পরে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পান। ২০১৩ সালের ডিসেম্বরে তিনি র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক হন। ২০১৬ সালে পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়ার জেনারেল হওয়ার পর তিনি কিছুদিন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালকের দায়িত্বে ছিলেন।

২০১৭ সালে তাঁকে টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) পরিচালক করা হয়। ২০২২ সালে সংস্থাটিতে মহাপরিচালক পদ সৃষ্টি করে তাঁকে ওই পদে বসানো হয়। এরই মধ্যে তিনি পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হন। জুলাই অভ্যুত্থানের পর গত বছর ৬ আগস্ট তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

পাগলায় হাজিপাড়া ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল সম্পন্ন

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে শত্রুমর্দন হাজিপাড়া ফুটবল প্রিমিয়ার লীগের অষ্টম আসরের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় ইউনিয়নের টিএনটি মাঠে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে এই খেলা সম্পন্ন হয়। খেলার আয়োজন করে শত্রুমর্দন হাজিপাড়া একতা যুব সংঘ।

খেলায় চাচা ভাতিজা স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে এবারের আসরে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে রেজুয়ান এফসি। ম্যান অব দ্য ফাইনাল পুরষ্কার প্রদান করা হয় রানার আপ দলের চয়ন মিয়াকে ও লীগে সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার দেওয়া হয় চ্যাম্পিয়ান দলের ইয়াকুব আলীকে।

পশ্চিম পাগলা ক্রিকেট এ্যাসোসিয়েশনের সভাপতি মনসুর উদ্দিনের সভাপতিত্বে ও সমাজকর্মী মো. আজাদ হোসেনের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সায়েখুল ইসলাম লোকমান, পশ্চিম পাগলা ক্রিকেট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. কিবরিয়া, পাগলা বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক দিপক দে, সদস্য তুয়েল মিয়া, খেলা পরিচালনা কমিটির সদস্য আবদুল মানিক, মানিক মিয়া, নবী হোসেন, জামুল মিয়া, জিতু মিয়া, একদিল হোসেন, আবু সাঈদ, বদরুল ইসলাম, জাকির হোসেন, মো. রফিনূর, সালেহ আহমদ, সোহেল মিয়া, আলী হোসেন, আল আমীন, শের আলী, মিলন মিয়া ও ছুলুম মিয়া প্রমুখ। খেলা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন স্পেন প্রবাসী আতিকুর রহমান আতিক।

দোয়ারাবাজারের বড়বন্দ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

0


দোয়ারাবাজার প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বড়বন্দ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। শেষ পর্বে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দীন শিহাব ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলী আহমদের সভাপতিত্বে এবং মহি উদ্দীন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের সদস্য কাছম আলী, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন— লাল মিয়া, রেনু মিয়া, মাহমুদ, ফরিদ মিয়া, জালাল মিয়া, সিরাই মিয়া, হুসাইন আহমেদ, মিসবাহ উদ্দীন, চান মিয়া, আব্দুল ওয়াহিদ বেরাই, মড়ল মিয়া, ফখর মিয়া, কামাল মিয়া, কবির মিয়া, রুস্তম আলী, জহুর মিয়া, ফারুক মিয়া, আলী নেওয়াজ, আব্দুল মন্নানসহ আরও অনেকে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মামুন মিয়া বলেন, “এই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়নে দক্ষিণ বড়বন্দ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে এলাকার সামগ্রিক চিত্র বদলে যায়। শিক্ষার কোনো বিকল্প নেই। সবাইকে শিক্ষামুখী হতে হবে।”

তিনি আরও বলেন, “ঐকান্তিক প্রচেষ্টা ও নিজস্ব এবং সামাজিক অর্থায়নের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে পূর্ণতা দিতে সকলের ঐক্য প্রয়োজন। ভবিষ্যতে এই বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা দেশ-বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে পরিবার ও সমাজে অবদান রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”

এ সময় তিনি শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় সড়ক উন্নয়ন, খেলাধুলা ও বিনোদনের জন্য মাঠ স্থাপন, আধুনিক বিজ্ঞানাগার নির্মাণ এবং প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহসহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালি

0

দিরাই প্রতিনিধি:

দিরাই প্রতিনিধি :১৯৭১ সালের ১৬ ডিসেম্বর—বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বিশ্বের বুকে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ ও অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই মহান বিজয়ের চেতনাকে ধারণ করে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালি, আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় দিরাই বাজার ব্রিজ এলাকা থেকে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিতে জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন,“মুক্তিযুদ্ধের চেতনায় সমাজ গড়ি”, “মানবতার জয় হোক”—এমন বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালিটি দিরাই বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দিরাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে ১৯৭১ সালের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মুক্তিযুদ্ধের চেতনার উপর গুরুত্বারোপ র‍্যালি শেষে দিরাই গণমিলনায়তনের সামনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের সভাপতি দেবাশীষ দাস দেবল-এর সভাপতিত্বে এবং সমাজ সেবা সম্পাদক শেখ মারুফ হাসান-এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুস্তাহার মিয়া মুস্তাক,আহ্বায়ক আমিরুল ইসলাম বাচ্চু,সিনিয়র সহ-সভাপতি সমিধ বরন দাস রতন,সহ-সভাপতি ইন্দজিত বৈষ্ণব, সদস্য মাছুম মিয়া,সাধারণ সম্পাদক গোলাম জিলানী,সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সম্মানিত সদস্যরা।

বক্তারা তাঁদের বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস, তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতা এবং বাঙালি জাতির অকুতোভয় সংগ্রামের নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, একটি স্বাধীন রাষ্ট্র শুধু ভৌগোলিক সীমারেখায় সীমাবদ্ধ নয়; ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমেই স্বাধীনতার প্রকৃত অর্থ বাস্তবায়িত হয়।

বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অন্যতম উপায় হলো সমাজসেবা। ক্ষুধার্ত মানুষকে খাদ্য দেওয়া, অসহায়দের পাশে দাঁড়ানো এবং সমাজে ন্যায় ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়াই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং মানবিক কাজে সম্পৃক্ত করাই আজকের সময়ের সবচেয়ে বড় দায়িত্ব।

সভাপতির বক্তব্যে দেবাশীষ দাস দেবল বলেন, মহান বিজয় দিবস আমাদের শিখিয়েছে মাথা উঁচু করে বাঁচতে। এই বিজয়ের চেতনাকে ধারণ করে দিরাই সমাজ সেবা ফাউন্ডেশন সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাবে। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।”

আলোচনা সভা শেষে দুপুর ১২টায় দিরাই বাজার ব্রিজ এলাকায় পথশিশু, ভিক্ষুক, দিনমজুর ও হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। শতাধিক অসহায় মানুষের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হলে এলাকাজুড়ে এক মানবিক পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় সংগঠনের জানবাজ ও স্বেচ্ছাসেবী সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি বাস্তবায়নে অংশগ্রহণ করেন। অনেক অসহায় মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রত্যয় আয়োজকরা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনা—মানবতা, ত্যাগ, সাম্য ও দেশপ্রেম—নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া। ভবিষ্যতেও দিরাই সমাজ সেবা ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান নেতৃবৃন্দ।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

শাবিপ্রবিতে কিন-এর উদ্যোগে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন (কিন) শুরু করেছে ‘কিন শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি–২০২৫’।

রবিবার (১৪ ডিসেম্বর) এই কর্মসূচিটি শুরু হয়েছে এবং ২০ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচিটি চলমান থাকবে বলে জানান সংগঠনটির পাবলিসিটি সেক্রেটারি শফিক প্রধান।

ষড়ঋতুর এই দেশে শীত অনেকের জন্য আনন্দের হলেও সমাজের একটি বড় অংশের জন্য তা হয়ে ওঠে কষ্ট ও দুর্ভোগের কারণ। বিশেষ করে শীতবস্ত্রের অভাবে খোলা আকাশের নিচে বসবাসকারী মানুষদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে কিন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন কিন দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পাঁচটি পৃথক উইংসের মাধ্যমে কীন বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে, যার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি।

এ বিষয়ে কিন-এর সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘এই কর্মসূচিতে সাধারণ মানুষের সহযোগিতা ও অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা সদর স্মৃতিসৌধে আনুষ্ঠানিক ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকালে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, আনসার ও ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দল এবং ছাত্র-ছাত্রীরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে সকাল ১০টা থেকে উপজেলা সদরের বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ বিজয় মেলার আয়োজন করা হয়। মেলায় চারু ও কারুশিল্পসহ স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন শিল্পপণ্য প্রদর্শিত হয়। দুপুরে ২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা জাতী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে বিকাল ৩টায় ভলিবল প্রতিযোগিতা উপজেলা প্রশাসন বনাম মধ্যনগর উপজেলা এবং সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়