Home Blog Page 64

সিলেটের ছয় আসনে মনোনয়নপত্র জমা দিলেন যারা

0

আধুনিক ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত প্রার্থীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে ১০ জন, সিলেট-২ আসনে ৯ জন, সিলেট-৩ আসনে ৯ জন, সিলেট-৪ আসনে ৭ জন, সিলেট-৫ আসনে ৬ জন এবং সিলেট-৬ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলা রিটার্নিং কার্যালয়ের তথ্যানুযায়ী, সিলেট-১ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান, গণ অধিকার পরিষদের আকমল হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সঞ্জয় কান্তি দাস, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এহতেশামুল হক, বংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রনব জ্যোতি পাল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামিম মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান ও খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান।

সিলেট-২ আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মোছা. তাহসিনা রুশদীর লুনা, স্বতন্ত্র প্রার্থী মো. আবরার ইলিয়াস, গণফোরামের মো. মুজিবুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুল হান্নান, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী, গণঅধিকার পরিষদের জামান আহমদ সিদ্দিকী, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুস শহীদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন।

সিলেট-৩ আসনেও ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন— বাংলাদেশ বিএনপির মোহাম্মদ আব্দুল মালিক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোকমান আহমদ, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নুরুল হুদা জুনেদ, খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দীন রাজু ও স্বতন্ত্র প্রার্থী মঈনুল বাকর।

সিলেট-৪ আসনে ৭ জন মনোনয়ন দাখিলকারী প্রার্থী হলেন— বিএনপির আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. জয়নাল আবেদীন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. রাশেদ উল আলম, গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম, খেলাফত মজলিসের আলী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাইদ আহমদ ও জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান।

সিলেট-৫ আসনে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন— জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উবায়দুল্লাহ ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাফিজ মো. আনওয়ার হোসাইন খান, স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ, বাংলাদেশ মুসলীম লীগের মো. বিলাল উদ্দিন, খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান ও জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ।

একইভাবে সিলেট-৬ আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাঁরা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ সেলিম উদ্দিন, বিএনপির ফয়সল আহমদ চৌধুরী ও এমরান আহমদ চৌধুরী, গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম ও জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুন নূর।

সহ-সুপার নাজিম উদ্দিনের গাফিলতিতে বৃত্তি পরীক্ষা দিতে পারেনি পরীক্ষার্থী

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বলরামপুর জামিয়া হাতিমিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার নাজিম উদ্দিনের গাফিলতির কারনে দীপালি আক্তার নামে এক শিক্ষার্থী অস্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি বলে অভিযোগ ওঠেছে। দীপালির অভিযোগ সে নাজিম উদ্দিনের কাছে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণের টাকা জমা দিয়েছিল। কিন্তু রোববার পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার খয়েরদিরচর দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে গিয়ে দীপালি জানতে পারে তার প্রবেশপত্র আসেনি। ফলে দীপালি পরীক্ষায় অংশ নিতে পারেনি।

এই মাদ্রাসায় অস্টম শ্রেণির ৪৩ জন শিক্ষার্থী রয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় তারা বৃত্তি পরীক্ষার জন্য ১০ জন শিক্ষার্থীর ফরম পূরণ করে। পরীক্ষার দিন সকালে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র সরবরাহ করা হয়। এ সময় দীপালিকে প্রবেশপত্র সরবরাহ করা হয়নি। প্রবেশপত্র না পেয়ে দীপালি কান্নায় ভেঙে পড়ে এবং সে পরীক্ষা দিতে পারেনি।

অভিযুক্ত সহ-সুপার নাজিম উদ্দিন বলেন, দীপালি আক্তার পরীক্ষার ফি জমা দেয়নি। ১০ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে আগ্রহ প্রকাশ করায় তাদের ফি জমা নেওয়া হয়েছিল। সে অনুযায়ী প্রবেশপত্র এসেছে। পরীক্ষার ফি না দিয়ে দীপালি পরীক্ষা কেন্দ্রে কেন আসলো তা আমি জানিনা।

সংশ্লিষ্ট মাদ্রাসা সুপার শামছুল হক সিদ্দিকী বলেন, বৃত্তি পরীক্ষার দায়িত্ব নাজিম উদ্দিনকে দেওয়া হয়েছিল। তিনি ১০ জন শিক্ষার্থীর তালিকা ও টাকা জমা দিয়েছিলেন। সে অনুযায়ীই সংশ্লিষ্ট দপ্তরে তালিকা পাঠানো হয় এবং প্রবেশপত্র আসে। পরীক্ষার দিন প্রবেশপত্র বিতরণ কেন?- এমন প্রশ্নের জবাবে সুপার বলেন, প্রবেশপত্র দুইদিন আগে এসেছে। কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষার দিন কেন্দ্রে আসায় তাদেরকে প্রবেশপত্র দেওয়া হয়েছে।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেধ ব্যবস্থা গ্রহহণ করা হবে।

ধর্মপাশায় নিখোঁজ হওয়ার ১২দিন পর পুকুরে থেকে কৃষকের লাশ উদ্ধার

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নিখোঁজ হওয়ার ১২দিন পর পুকুরে ভাসমান অবস্থায় শীষ মিয়া (৪০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে ধর্মপাশা থানা পুলিশ। আজ রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার দাসপাড়া গ্রাম জামে মসজিদের পেছনের পুকুর থেকে এই লাশটি উদ্ধার করা হয়। ওই কৃষকের বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হাশিমের ছেলে।

এলাকাবাসী ও ওই কৃষকের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার জিংলীগড়া গ্রামের বাসিন্দা শীষ মিয়া কৃষি কাজের সঙ্গে জড়িত ছিলেন। গত ১৫ ডিসেম্বর রাত আটটার দিকে স্থানীয় গাছতলা বাজারে যাওয়ার কথা বলে তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। আজ রোববার বেলা দুইটার দিকে উপজেলার দাসপাড়া গ্রাম জামে মসজিদের পেছনে থাকা পুকুরে জ্যাকেট ও লুঙ্গি পরিহিত ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন খবরটি ধর্মপাশা থানা পুলিশকে জানান।

ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন বলেন, শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ দেখে ওই ব্যক্তির স্বজনেরা লাশটি সনাক্ত করেছেন। লাশের সূরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটি সুনামগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা

0

জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হয়েছে। এই সমঝোতায় কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) যুক্ত হয়েছে। রোববার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আট দল একসঙ্গে ছিল। আর দুটি দল তাদের সঙ্গে যোগ দিয়েছে। সেগুলো হলো এনসিপি ও কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি।

জামায়াতের আমির বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে বিভিন্ন আসনে সমঝোতা হয়েছে। আরও দল তাদের সঙ্গে সমঝোতায় আগ্রহ দেখিয়েছে। তবে এই মুহূর্তে সেটি সম্ভব হচ্ছে না।

গণ-অভ্যুত্থান–পরবর্তী সময়ে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস,বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)—এই ছয়টি দল আসন সমঝোতার ভিত্তিতে সব আসনে একক প্রার্থী দেওয়ার আলোচনা শুরু করে। পরে এতে যোগ দেয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। জামায়াতসহ এই আটটি দল বিভিন্ন দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে টানা অনেক দিন মাঠে ছিল। নতুন করে এনসিপি ও এলডিপি নির্বাচনী সমঝোতায় যুক্ত হওয়ায় এখানে দলের সঙ্গে সংখ্যা দাঁড়াল ১০টিতে।

ওসমান হাদি হত্যা : ‘ফয়সাল ও তার সহযোগী ভারতে পালিয়েছেন’

0

আধুনিক ডেস্ক ::

শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগী ভারতে পালিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের পালাতে সহযোগিতা করেছেন ভারতের দুই নাগরিক। মেঘালয় পুলিশ ওই দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে।ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ হাদি হত্যার দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজনের নাম জানিয়েছে ডিএমপি। তারা হলেন পূর্তি ও সামী। রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম এ কথা জানান।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম বলেন, হাদির হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত। ঘটনার পর ফয়সাল ও আলমগীর ঢাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় আমিনবাজারে যান। সেখান থেকে গাড়িতে করে কালামপুরে যান। কালামপুর থেকে আরেকটি গাড়িতে করে ময়মনসিংহ সীমান্তে যান। সেখানে ফয়সাল ও আলমগীরকে নেন ফিলিপ পাল ও সঞ্জয়। তারা সীমান্তে অবৈধভাবে মানুষ পারাপার করেন। পরে ফিলিপ দুজনকে ভারতের মেঘালয় রাজ্যে নিয়ে যান।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার আরও বলেন, ফয়সাল ও আলমগীরকে ভারতের তুরা নামক স্থানে নিয়ে যান ফিলিপ। সেখানে ভারতীয় নাগরিক পূর্তির কাছে তিনি দুজনকে পৌঁছে দেন। পরে সামী নামের এক ব্যক্তির গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যান তারা। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৬ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া ৪ জন সাক্ষীও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

ওসমান হাদি হত্যা মামলাটির তদন্ত একেবারে শেষ পর্যায়ে রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানায় ডিএমপি। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলে ডিএমপি জানায়।

সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যের অনেককেই শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে সবার নাম বলা যাচ্ছে না। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে এটাকে রাজনৈতিক হত্যাকাণ্ডই মনে হচ্ছে।’
প্রধান আসামি ফয়সাল করিম ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেন
শহীদ ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। তাঁকে মাথায় গুলি করার পর আততায়ীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর মারা যান তিনি। ২১ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে লাখ লাখ মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ-সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে দাফন করা হয়। শনিবার রাত পৌনে একটার দিকে ইনকিলাব মঞ্চের এক ফেসবুক পোস্টে এ কথা জানানো হয়। এর আগে রাত সাড়ে ১১টার দিকে শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বেলা ১১টায় কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। তবে আজ ডিএমপির সংবাদ সম্মেলন থাকায় সেটি পর্যালোচনার পর বেলা দুইটা থেকে পরিবর্তিত কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এনসিপি ছাড়লেন তাসনিম জারা

0

আধুনিক ডেস্ক ::

জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার আলোচনা নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) মতভেদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনে এনসিপি তাঁকে প্রার্থী মনোনীত করেছিল। তবে শনিবার তিনি ঘোষণা দিয়েছেন, তিনি কোনো দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সন্ধ্যা সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তাসনিম জারা। সেখানে তিনি এনসিপির বিষয়ে কোনো কথা বলেননি। তবে এনসিপি সূত্র জানিয়েছে, তাসনিম জারা ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

জুলাই অভ্যুত্থানে সক্রিয় চিকিৎসক তাসনিম জারা এ বছরের ফেব্রুয়ারিতে এনসিপি গড়ার শুরু থেকে দলটিতে যুক্ত ছিলেন। দলটি গড়ে তোলেন অভ্যুত্থানের তরুণ নেতারা। দলে দায়িত্ব নেওয়ার পর নানা কর্মসূচিতে সক্রিয় ছিলেন তাসনিম জারা।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীকে অংশ নিতে এনসিপি ইতিমধ্যে ১২২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। সেখানে তাসনিম জারাকে ঢাকা–৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা) আসনে মনোনীত করা হয়। নির্বাচনে জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলোচনার খবর সম্প্রতি চাউর হওয়ার পর অভ্যুত্থানকারী অনেকের মধ্যে ক্ষোভ–বিক্ষোভ দেখা দেয়। দলটির ৩০ নেতা আপত্তি তুলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠিও দেন।

তার মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তাসনিম জারা ফেসবুকে লিখেছেন, ‘আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের ও দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যা-ই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করব।’

কী কারণে এই সিদ্ধান্ত, তার ব্যাখ্যায় এনসিপির কোনো প্রসঙ্গ টানেননি তাসনিম জারা। তিনি লিখেছেন, ‘একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মিবাহিনী থাকে। সরকার ও প্রশাসনের সঙ্গে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সঙ্গে থাকছি না, তাই আমার সেসব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব।’

তাসনিম জারার এই সিদ্ধান্তের বিষয়ে এনসিপির কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে তাঁর পোস্টে লাইক দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।

পোস্টের শেষে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ‘দুটি বিশেষ বিষয়’–এর কথা বলেছেন তাসনিম জারা। প্রথম বিষয় হিসেবে তিনি লিখেছেন, ‘নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন। আগামীকাল (রোববার) এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করব।’

এক দিনে এত মানুষের স্বাক্ষর গোছানো প্রায় অসম্ভব একটি কাজ উল্লেখ করে নির্বচনী এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত সাহায্য চেয়েছেন তাসনিম জারা। এই কাজে যাঁরা আগামীকাল বসার জায়গা দিয়ে বা স্বেচ্ছাসেবক হিসেবে সাহায্য করতে চান, তাঁদের ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনের খরচ জোগাতে এরই মধ্যে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে ৪৭ লাখ টাকা তুলেছেন তাসনিম জারা। দ্বিতীয় বিষয় হিসেবে তা নিয়ে তিনি লিখেছেন, তার স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে যারা অর্থ ফেরত পেতে চান, তাঁদের অর্থ ফেরত দেবেন। যাঁরা বিকাশের মাধ্যমে তাকে টাকা পাঠিয়েছিলেন, তাদের অর্থ ফেরত পেতে অনলাইনে ফর্ম পূরণের লিংকও পোস্টে দিয়েছেন তিনি। যারা ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠিয়েছিলেন, তাদের শিগগিরই অর্থ ফেরতের প্রক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন তাসনিম জারা।

ঢাকা–৯–এর নির্বাচনী এলাকাবাসীর উদ্দেশে দেওয়া এই পোস্ট তাসনিম জারা শেষ করেছেন এভাবে, আপনাদেরই মেয়ে, তাসনিম জারা।

ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করা তাসনিম জারা স্নাতকোত্তর পড়েন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) জুনিয়র চিকিৎসক হিসেবে কাজ করেন তিনি। কোভিড মহামারির সময় ভুল তথ্য আর গুজবগুলো চিহ্নিত করে স্বাস্থ্যবিষয়ক ভিডিও বানিয়ে নিজের ফেসবুক পেজে দিয়ে বাংলাদেশে পরিচিত হয়ে ওঠেন তাসনিম জারা। রবি টেন মিনিটস স্কুলেও তাঁর ভিডিও প্রচারিত হয়। গত বছর জুলাই অভ্যুত্থানের শুরু থেকে এতে সক্রিয় ছিলেন তিনি।

মধ্যনগরে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের ডেভিল হান্ট–২-এর বিশেষ অভিযান এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নেত্রকোনা জেলার মুক্তারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানে মধ্যনগর থানা পুলিশের পাশাপাশি নেত্রকোনা জেলা ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. সাখাওয়াত হোসাইন মৃত আব্দুল হেকিমের ছেলে। তিনি মধ্যনগর থানাধীন ৪ নম্বর মধ্যনগর সদর ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা এবং মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, তিনি মধ্যনগর থানার একটি নিয়মিত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি ছিলেন। তদন্তের অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মধ্যনগর থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিপিএল শুরুর আগের দিন মালিকানা ছাড়ল চট্টগ্রাম রয়্যালস, বিপাকে বিসিবি

0

আধুনিক স্পোর্টস ::

বিপিএল হবে আর বিতর্ক থাকবে না, এমনটি যেন হওয়ার নয়। সিলেটে যখন নতুন শুরুর প্রহর গোনা হচ্ছে, ঠিক তখনই চরম এক অপেশাদারত্বের নজির দেখা গেল। আর্থিক সঙ্কটের কথা জানিয়ে শেষ মুহূর্তে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে বিসিবিতে চিঠিতে জানিয়েছে ট্রায়াঙ্গল সার্ভিসেস। পরিস্থিতি সামাল দিতে দলটির পরিচালনার ভার নিজের কাঁধেই তুলে নিয়েছে বোর্ড।

টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে এমন ঘটনা যে অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর, তা অকপটে স্বীকার করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার আহমেদ। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতি ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, চাপে জেরবার অবস্থা তাদের। অবশ্যই আমরা চাপে আছি। দুই-তিন ঘণ্টা আগে যদি কোনো দল বলে তারা আর্থিক সাপোর্ট দিতে পারছে না, তবে সেটা সামলানো প্রচণ্ড কঠিন। চারদিক থেকে সমস্যা আমাদের ঘিরে ধরেছে।

বিপিএলের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের পারিশ্রমিকের প্রথম কিস্তির ২৫ শতাংশ পরিশোধ করতে হয়। রংপুর রাইডার্স ৫০ শতাংশ এবং রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস ২৫ শতাংশ অর্থ পরিশোধ করার কথা জানিয়েছে। তবে চট্টগ্রাম র‌য়্যালস আর্থিক সমস্যার জন্য সরে দাঁড়িয়েছে বলে জানালেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। তিনি বলেন, তারা (চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি) জানিয়েছে যে, তারা প্রচণ্ড আর্থিক সঙ্কটে আছে। মূলত গত এক মাস ধরে তাদের ইন্টেগ্রিটি নিয়ে নানা গুজব ও সামাজিক মাধ্যমে আলোচনার কারণে তারা কোনো স্পন্সর জোগাড় করতে পারেনি। ফলে এই বিশাল আর্থিক বোঝা তারা নিতে পারছে না।

হঠাৎ মালিকানা ছাড়ার এই সিদ্ধান্তে বিসিবি যে বেশ বিপাকে, বিসিবির এই পরিচালকের কথাতেই তাই স্পষ্ট। তিনি বলেন, আমরা চাপে আছি। কালই ম্যাচ, অথচ দলটির বিদেশি ক্রিকেটার নেই। নিয়ম অনুযায়ী একাদশে অন্তত দুজন বিদেশি থাকতে হবে, কিন্তু বর্তমানে আছে মাত্র একজন। দ্রুত আরও একজনকে আনার চেষ্টা চলছে। তা না হলে বাইলজ (নিয়ম) পরিবর্তন করতে হবে, যা নতুন বিতর্কের জন্ম দেবে। সব মিলিয়ে চারদিক থেকে সমস্যা আমাদের ঘিরে ধরেছে।

তবে সংকটের মধ্যেও বিসিবি তাদের কঠোর অবস্থানে অনড়। ইফতেভার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ক্রিকেটারদের পারিশ্রমিক এবং সততার প্রশ্নে কোনো আপস করা হবে না। তার ভাষ্য, আমরা আমাদের অবস্থান থেকে নড়ব না। যদি আমরা ক্রিকেটারদের বলতাম ‘পরে টাকা নিও’, তাহলে হয়তো ঝামেলা এড়ানো যেত। কিন্তু আমরা নিয়ম মেনেই এগোতে চাই।

জরুরি ভিত্তিতে পরিস্থিতি সামাল দিতে চট্টগ্রাম রয়্যালসের জন্য নতুন ম্যানেজমেন্ট নিয়োগ দিয়েছে বিসিবি। সাবেক হাবিবুল বাশারকে টিম ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান কোচ হিসেবে ঢাকা থেকে উড়িয়ে আনা হয়েছে বিসিবির কোচ মিজানুর রহমানকে এবং ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল।

আই হ্যাভ অ্যা প্ল্যান, বললেন তারেক রহমান

0

আধুনিক ডেস্ক ::

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী অবিসংবাদী নেতা মার্টিন লুথার কিং বলেছিলেন-‘আই হ্যাভ এ ড্রিম’। তেমনি আমিও আজ বলছি-আই হ্যাভ এ প্ল্যান।আর এই পরিকল্পনা বাস্তবায়নে আপনাদের প্রত্যেককে কাজ করতে হবে। তারেক রহমান বলেন, আজকেই এই মঞ্চে আমাদের সমমনা দলগুলোর শীর্ষ নেতারাও আছেন। আমি আমার দলের নেতৃবৃন্দ, দেশবাসী ও সমমনা নেতাদের নিয়ে সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ব। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরে রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জনগণের উদ্দেশে এসব কথা বলেন তারেক রহমান। জনমানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে তিনি বলেছেন, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এজন্য দেশের সবার সহযোগিতা প্রয়োজন।

বেলা ৩টা ৫১ মিনিটের দিকে তারেক রহমান মঞ্চে ওঠেন। বেলা ৩টা ৫৭ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। তার সঙ্গে বিএনপির নেতারা ছিলেন। মঞ্চে উঠে নেতা–কর্মীদের উদ্দেশে হাত নাড়েন তারেক রহমান। মঞ্চে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লাখ লাখ মানুষের উপস্থিতিতে পূর্বাচলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য দিতে দাঁড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমেই বললেন, প্রিয় বাংলাদেশ। তিনি বলেন, সবাই মিলে একটি নিরাপদ দেশ গড়ার সময় এসেছে। বক্তব্যে তারেক রহমান বলেন, ‘উপস্থিত প্রিয় মুরুব্বিবর্গ, জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যাঁরা দেখছেন এই অনুষ্ঠান, প্রিয় ভাই-বোনেরা, প্রিয় মা-বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই-বোনেরা আজ প্রথমেই আমি রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়, আপনাদের মাঝে।’

সবাই মিলে দেশ গড়ার সময় এসেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে, এই দেশে মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান-হিন্দুসহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছি, একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই।’

তারেক রহমান বলেন, ‘এই প্রিয় মাতৃভূমি ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময় অর্জিত হয়েছিল। ঠিক একইভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহি–জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল। একইভাবে পরবর্তীতে ১৯৯০–এ স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের জনগণ, এ দেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল। কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি। আমরা তারপর দেখেছি ১৯৭১ সালে এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে ৫ আগস্ট এ দেশের ছাত্র–জনতাসহ সর্বস্তরের মানুষ কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী, পুরুষ, মাদ্রাসার ছাত্রসহ দলমত–নির্বিশেষে সব শ্রেণি–পেশানির্বিশেষে সকল মানুষ সেদিন এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল।’

তরুণ প্রজন্ম আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদের আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। শক্ত গণতান্ত্রিক ভিত্তি, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি। গণতান্ত্রিক, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে গড়ে তোলার ওপর জোর দেন তিনি। তিনি পরপর তিনবার বলেন আমরা দেশের শান্তি চাই।

মার্টিন লুথার কিং–এর ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ উক্তির উল্লেখ করে তারেক রহমান বলেন ‘আই হ্যাভ অ্যা প্ল্যান।’ দেশকে গড়ে তুলতে পরিকল্পনা রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, প্রত্যেক মানুষের সহযোগিতা তার প্রয়োজন। তাহলে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে বলেন তিনি। তারেক রহমান এ সময় মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।

শহীদ ওসমান হাদিকে স্মরণ করে তারেক রহমান বলেন, ওসমান হাদি চেয়েছিলেন এদেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ৭১ এ যারা শহীদ হয়েছে, ২৪ এ যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সব নেতাদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেকোনো মূল্যে আমাদের এই দেশের শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে। যেকোনো উসকানির মুখে আমাদের ধীর শান্ত থাকতে হবে।’ তিনি বলেন, ‘সবাই মিলে করব কাজ, গড়বো মোদের বাংলাদেশ।’ তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমাদের নেতাকে স্বাগত জানাচ্ছি। তিনি দূর থেকে প্রায় দেড় যুগ আমাদের নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র উত্তরণের কঠিন পথগুলো পার করেছি তার নেতৃত্বে।

বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ও আশপাশের জেলা থেকে আসা লাখো মানুষের উপস্থিতিতে ৩০০ ফিট এলাকা এক জনসমুদ্রে পরিণত হয়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মঞ্চে ওঠার পর তারেক রহমান হাত নেড়ে জনতাকে অভিবাদন জানান।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘বিজি ২০২’ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ পেরিয়ে মাটি ছুঁয়ে দেশের মুক্ত বাতাসে নিঃশ্বাস নেন তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবন্দর থেকে বেরিয়ে কড়া নিরাপত্তায় বুলেটপ্রুফ বাসে করে, রাস্তার দুপাশে দাঁড়ানো লাখ লাখ নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়ে এবং জনতার উত্তাল তরঙ্গ পেরিয়ে ৩০০ ফিট সড়ক সংলগ্ন বিশাল গণঅভ্যর্থনার মঞ্চে উপস্থিত হন তারেক রহমান।

রাজধানীর নিউ ইস্কাটনে ফ্লাইওভার থেকে ছোড়া বোমা বিস্ফোরণে একজন নিহত

0

আধুনিক ডেস্ক ::

রাজধানীর নিউ ইস্কাটনে ফ্লাইওভার থেকে ছোড়া বোমার বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, রাত পৌনে ৮টার দিকে নিউ ইস্কাটনের মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ফটকের সামনে বোমার বিস্ফোরণ হয়। এ সময় ওই যুবক গুরুতর আহত হন। কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশের উপকমিশনার মাসুদ আলম জানান, নিহত ব্যক্তির নাম সিয়াম বলে জানা গেছে। তিনি সেখানে চা খেতে এসেছিলেন। ওপর থেকে বোমা এসে তাঁর মাথার ওপর পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।