Home Blog Page 63

মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিল কলকাতা

0

আধুনিক ডেস্ক ::

এবার আনুষ্ঠানিক ঘোষণা এল কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকেও। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটিকে বাংলাদেশ পেসার মোস্তাফিজকে দলে থেকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে গুয়াহাটিতে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে মোস্তাফিজকে কলকাতার ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এএনআইকে সাইকিয়া বলেন, সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।

এরপর কলকাতা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, মোস্তাফিজকে তারা এবার আইপিএলের দল দল বাদ দিয়েছে। বিবৃতিতে দলটি লিখেছে, ‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করেছে যে আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিসিআই/আইপিএল আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মৌসুমের আগে দল থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ অনুসরণ করে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।’

সেখানে আরও বলা হয়েছে, ‘আইপিএলের নিয়ম অনুযায়ী বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে একজন বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।’

মোস্তাফিজকে এবার নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা। আইপিএলে এটা হতো মোস্তাফিজের ষষ্ঠ দল। এর আগে মোস্তাফিজ ৫টি দলের হয়ে ৮ মৌসুম আইপিএলে খেলেছেন। সব মিলিয়ে আইপিএলে ৬৫ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।

আইসিসির পিচ রেটিংয়ে তলানিতে বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক ::

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ম্যাচগুলোতে আইসিসির দেওয়া রেটিংয়ে বাংলাদেশের ক্রিকেটের এক হতাশাজনক ছবিই ফুটে উঠেছে। সদ্য সমাপ্ত ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত হালনাগাদকৃত তথ্যের বিশ্লেষণে দেখা যাচ্ছে, পিচের মান এবং আউটফিল্ড—দুই ক্ষেত্রেই টেস্ট খেলুড়ে অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে। ব্যাটসম্যান এবং বোলার, দুই পক্ষের জন্য ভালো উইকেটের স্বীকৃতি দেওয়া হয় যে রেটিংয়ে, বাংলাদেশ সেখানে সব দলের মধ্যে তলানিতে অবস্থান করছে।

ক্রিকেটে একটি ম্যাচের ফল নির্ধারণে পিচের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যেমন ভালো স্পিনার থাকা দলগুলো স্পিনবান্ধব উইকেটে ভালো করে, আবার ভালো পেসার থাকা দল সিম-সহায়ক উইকেটে ভালো করে। কিছু পিচ আবার পুরোপুরি ব্যাটিংবান্ধব। আইসিসি মাঠে খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করতে এবং ব্যাট ও বলের মধ্যে ন্যায্য লড়াই বজায় রাখতে রেটিং ব্যবস্থা চালু করেছে।

প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের পর মাঠের পিচ ও আউটফিল্ডের রেটিং করে থাকেন ম্যাচ রেফারি, যা আইসিসিতে জমা হয়। ২০২৩ সালের নভেম্বরের আগপর্যন্ত রেটিং দেওয়া হতো ৬ ক্যাটাগরিতে। এগুলো ছিল ‘খুব ভালো’, ‘ভালো, ‘গড়পড়তা’, ‘গড়পড়তার নিচে’, ‘বাজে’ এবং ‘খেলার অযোগ্য’।

তবে দুই বছরের বেশি সময় ধরে চারটি ক্যাটাগরিতে রেটিং দেওয়া হয়—‘খুব ভালো’, ‘সন্তোষজনক’, ‘অসন্তোষজনক’ ও ‘খেলার অযোগ্য’। আইসিসির মতে, একটি ‘খুব ভালো’ পিচে সীমিত সিম মুভমেন্ট, ধারাবাহিক বাউন্স, খেলার শুরুর দিকে গ্রহণযোগ্য মাত্রার টার্ন থাকবে এবং এতে পিচের ক্ষয় হবে স্বাভাবিকভাবে। আবার যে পিচ ব্যাট ও বলের মধ্যে সমান লড়াইয়ের সুযোগ দেয় না, সেটি ‘অসন্তোষজনক’। খেলোয়াড়দের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক পিচকে দেওয়া হয় ‘আনফিট’ গ্রেডিং।

আউটফিল্ড গ্রেডিংয়ে ‘সন্তোষজনক’ ধরা হয় যে মাঠের আউটফিল্ডে পর্যাপ্ত ঘাস থাকবে, সমতল হবে, গতি মাঝারি হবে এবং পর্যাপ্ত পানিনিষ্কাশনব্যবস্থা থাকবে। আর ‘অসন্তোষজনক’ হচ্ছে যেখানে অতিরিক্ত ঘাসবিহীন জায়গা, অত্যধিক অনিয়মিত বাউন্স, ধীরগতি এবং পর্যাপ্ত পানিনিষ্কাশনব্যবস্থার অনুপস্থিতি আছে।

অসুবিধা রেটিংয়ের সঙ্গে থাকা ডিমেরিট পয়েন্টে। যেসব ভেন্যুর পিচ বা আউটফিল্ড ‘অসন্তোষজনক’ হিসেবে বিবেচিত হয়, তাদের ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। ‘অযোগ্য’ পিচ বা আউটফিল্ডের জন্য সবচেয়ে কঠোর শাস্তি ৩টি ডিমেরিট পয়েন্ট। যদি কোনো ভেন্যু পাঁচ বছর সময়ের মধ্যে ৬টি ডিমেরিট পয়েন্ট পায়, তাহলে সেটিতে ১২ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন নিষিদ্ধ করা হয়। যদি কোনো ভেন্যু পাঁচ বছর সময়ের মধ্যে ১২টি ডিমেরিট পয়েন্ট পায়, তবে তাদের ম্যাচ আয়োজনের অধিকার দুই বছরের জন্য স্থগিত করা হয়।

২০১৯ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হয়েছে। দুই বছর মেয়াদি প্রতিযোগিতাটির এখন পর্যন্ত তিনটি আসর অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের আগস্টে শুরু হয়েছে ২০২৫-২৭ চক্রের আসর। চার আসর মিলিয়ে এখন পর্যন্ত হওয়া ৯ দেশের ২২৪টি ম্যাচের রেটিংয়ের তথ্য বিশ্লেষণ করেছে উইজডেন ওয়েবসাইট। মোট ৫৮টি ভেন্যুতে হওয়া ম্যাচগুলোর পিচ ও আউটফিল্ড রেটিং বিশ্লেষণ দেখা যাচ্ছে, বাংলাদেশের অবস্থান সবার শেষে।

বাংলাদেশে অনুষ্ঠিত ১৩টি ম্যাচের পিচ বিশ্লেষণ করে দেখা গেছে, মাত্র ১৫.৩৮% পিচকে আইসিসি ‘খুব ভালো’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই তালিকায় বাংলাদেশের নিচে রয়েছে শুধু শ্রীলঙ্কা (৫.৫৫%)। দুশ্চিন্তার জায়গা হচ্ছে, বাংলাদেশের পিচগুলোর মধ্যে ৭.৬৯% পিচ পেয়েছে ‘অসন্তোষজনক’ রেটিং, যা শ্রীলঙ্কার ক্ষেত্রে শূন্য। মোটের ওপর বাংলাদেশই পিছিয়ে।

তুলনামূলক বিচারে নিউজিল্যান্ডের ৮১.৮১% এবং অস্ট্রেলিয়ার ৪৩.৭৫% পিচ ‘খুব ভালো’ তকমা পেয়েছে। এমনকি ইংল্যান্ড ও ভারতের উইকেটগুলোও বাংলাদেশের চেয়ে অনেক বেশি ইতিবাচক রেটিং পেয়েছে।

বাংলাদেশের তিন মাঠে যেসব খেলা হয়েছে, তার মধ্যে ‘খুব ভালো’ পিচ রেটিং আছে মাত্র দুটি। দুটিই ২০২৪ সালে শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফরের। সে বছরের মার্চ-এপ্রিলে হওয়া সিরিজের প্রথম টেস্ট হয়েছিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, দ্বিতীয়টি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।

১৩ ম্যাচের মধ্যে একটি খেলার পিচ পেয়েছে ‘অসন্তোষজনক’ রেটিং। ২০২৩ সালের জুনে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচটি ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

*২০২৪ সালে চট্টগ্রামের বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের রেটিং পাওয়া যায়নি।

আউটফিল্ডেও নেই স্বস্তি
শুধু ২২ গজের পিচ নয়, বাংলাদেশের মাঠের আউটফিল্ডের মানও অস্বস্তিকর। ১৩টি টেস্টের মধ্যে বাংলাদেশের মাত্র ৪৬.১৫% আউটফিল্ড ‘খুব ভালো’ রেটিং পেয়েছে। অথচ অস্ট্রেলিয়া (৯৩.৭৫%), নিউজিল্যান্ড (৯০.৯০%) এবং ইংল্যান্ডের (৮৫.৩৬%) মতো দেশগুলো আউটফিল্ডের মানে যোজন যোজন এগিয়ে।

বাংলাদেশে মোট ৬টি ম্যাচের আউটফিল্ড ‘খুব ভালো’ রেটিং পেয়েছে। ২০২৩ সালের নভেম্বরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টের আউটফিল্ড পেয়েছিল ‘অসন্তোষজনক’ রেটিং। অন্যগুলো ‘ভালো’ বা ‘সন্তোষজনক’ ক্যাটাগরির।

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

0

আধুনিক ডেস্ক ::

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে ৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে দলটি। বৃহস্পতিবার রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনার জন্য নির্বাচন পরিচালনা কমিটি গঠনের তথ্য জানানো হয়।

কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে রাখা হয়েছে। প্রধান সমন্বয়ক করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে।

এছাড়া সদস্য হিসেবে রাখা হয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, মিডিয়া সেলের সদস্য ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, তরেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন, সালেহ শিবলী, বিএনপি নেতা এ কে এম ওয়াহিদুজ্জামান ছাড়াও ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর জে. (অব:) ফজলে এলাহী আকবর, আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, অ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ডা: ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, অ্যাড. কামরুল ইসলাম সজল, প্রফেসর ডা. হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, মাও: কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব এবং আনোয়ার হোসেন।

২০২৫ সালে রেকর্ড রেমিট্যান্স, প্রথমবারের মতো ছাড়াল ৩০ বিলিয়ন ডলার

0

আধুনিক ডেস্ক ::
আগের সব রেকর্ড ভেঙে ২০২৫ সালে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রথমবারের মতো ব্যাংকিং চ্যানেলে কোনো একবছরে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গত বছর প্রবাসীরা মোট ৩ হাজার ২৮২ কোটি ডলার সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন। ২০২৪ সালে এসেছিল ২ হাজার ৬৮৯ কোটি ডলার। এ হিসেবে গত বছর রেমিট্যান্স বেড়েছে ৫৯৩ কোটি ডলার যা ২২ দশমি শূন্য ৫ শতাংশ। প্রবাসী আয়ে ২০২৪ সালের উচ্চ প্রবৃদ্ধির পর এবারও বাড়ছে। পুরো অর্থনীতিকে যা স্বস্তিতে রেখেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বছরভিত্তিক রেমিট্যান্সের রেকর্ডের পাশাপাশি ভোটের আগে একক মাস হিসেবে গত ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো ৩ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছে। ডিসেম্বরে প্রবাসীরা মোট ৩২৩ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। কোনো এক মাসে এ যাবৎকালের যা দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে রমজান ও ঈদকে কেন্দ্র করে গতবছরের মার্চে সর্বোচ্চ ৩৩০ কোটি ডলার এসেছিল। গত নভেম্বর মাসে প্রবাসীরা ২৮৯ কোটি ডলার এবং আগের বছরের ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার পাঠিয়েছিলেন। সাধারণভাবে প্রতিবছর ঈদকে কেন্দ্র করে অন্যান্য মাসের তুলনায় রেমিট্যান্স বাড়ে। এবার রমজানের আগেই রেকর্ড রেমিট্যান্স এলো। রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত বেড়ে ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গতবছরের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে রেমিট্যান্স বাড়ছে। এভাবে রেমিট্যান্স বৃদ্ধির প্রধান কারণ বিবেচনা করা হচ্ছে- হুন্ডি প্রবণতা কমে যাওয়াকে। আগে ভোগ্যপণ্যসহ বিভিন্ন আমদানিতে কম মূল্য দেখিয়ে এলসি খোলা হতো। দেশের বাইরে বাকি অর্থ পরিশোধ করা হতো প্রবাসীর ডলার কিনে পরিবারের কাছে টাকা পৌঁছে দেওয়ার মাধ্যমে। তবে বর্তমান সরকার অর্থ পাচারে কড়াকড়ি করছে। বরং আগের পাচার করা অর্থ ফেরত আনার জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। ঋণ জালিয়াতি, রাজস্ব ফাঁকি, অর্থপাচারসহ বিভিন্ন অনিয়মে অভিযুক্ত ১০টি ব্যবসায়ী গ্রুপ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের অনিয়ম তদন্তে যৌথ ১১টি টিম গঠন করা হয়েছে। এরই মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ পরিবার ও সালমান রহমান পরিবারের ব্রিটেনের সম্পদ জব্দ হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডলার প্রবাহ বেড়ে যাওয়ায় বাজার থেকে প্রচুর ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। গতবছর বিভিন্ন ব্যাংক থেকে মোট ৩১৩ কোটি ৫৫ লাখ ডলার কেনা হয়। সব মিলিয়ে ৩০ ডিসেম্বর বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে ৩৩ দশমিক ১৯ বিলিয়ন ডলার হয়েছে। আর বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ উঠেছে ২৮ দশমিক ৫২ বিলিয়ন ডলার। বর্তমানের এ রিজার্ভ গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল ২০২১ সালের আগস্টে। সেখান থেকে ধারাবিকভাবে কমে আওয়ামী লীগ সরকার পতনের সময় ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমেছিল। বাংলাদেশ ব্যাংক ২০২১ সালের মাঝামাঝি থেকে রিজার্ভ থেকে ২৮ বিলিয়ন ডলারের মতো বিক্রি করে।

সকল পদ ফিরে পেলেন সাদাপাথরকাণ্ডে বহিষ্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিন

0

আধুনিক রিপোর্ট ::

সিলেটের পর্যটনকেন্দ্র সাদাপাথর লুটের ঘটনায় বহিষ্কার হওয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাহাব উদ্দিনের প্রাথমিক সদস্য পদসহ সকল পদপদবী ফিরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত একটি পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

পত্রে বলা হয়েছে, সাহাব উদ্দিনের বিরুদ্ধে পূর্বে দেওয়া যাবতীয় স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তার প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদবি পুনঃস্থাপিত করা হলো। এর আগে গত আগস্টে তাকে বহিস্কারের চিঠিতে উল্লেখ করা হয়েছিলো ‘চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগে’ বহিস্কার করার কথা।

প্রসঙ্গত, গত বছরের আগস্টে সাদাপাথর লুটের ঘটনা দেশজুড়ে তোলপাড় তোলে। এর পরপরই আলোচনায় উঠে আসে বিএনপি নেতা সাহাব উদ্দিনের নাম।

গত ১১ আগস্ট রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ড’-এ জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের দলীয় সব পদ স্থগিতের এ তথ্য জানানো হয়। গত বছরের ১৩ সেপ্টেম্বরও সিলেট মহানগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে র‌্যাব-৯ গ্রেপ্তার করেছিল। নভেম্বরে তিনি জামিনে মুক্তি পান

সিলেটে বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামলো ১০ ডিগ্রির নিচে

0

আধুনিক রিপোর্ট ::

সিলেটে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে জেলায় সর্বনিম্ন। কয়েক দিন ধরে সিলেটে জেঁকে বসেছে শীত, মিলছে না সূর্যেরে দেখা। বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। বুধবার সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে ওই অবস্থাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। ৮ থেকে ৬ দশমিক ১ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৬ থেকে ৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।

শীতের প্রকোপে বৃহস্পতিবার সকাল থেকে সিলেট নগরের ভেতরে যান চলাচল কম। মানুষের চলাচলও ছিল সীমিত। অনেক দোকানপাট খুলেছে দেরিতে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতবস্ত্রের বিক্রি বেড়েছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, আজ সিলেটে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী এক সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে। জানুয়ারি সাধারণত শীতের মাস। অতীতে সিলেটে আরও কম তাপমাত্রা রেকর্ড হলেও গত কয়েক মৌসুমে শীতের তীব্রতা তুলনামূলক কম ছিল।

খালেদা জিয়ার জানাজা সম্পন্ন, মানুষের ঢল

0

আধুনিক ডেস্ক ::

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার বেলা ৩টা বেজে ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। বেলা ৩টা বেজে ৫ মিনিটে জানাজা সম্পন্ন হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়ান। বেলা তিনটা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশ, বিজয় সরণি, খামার বাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে।

জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও অন্যরা।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজাস্থলে উপস্থিত হয়ে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তাঁর ছেলে তারেক রহমান।

জানাজায় উপস্থিত বিপুল মানুষের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘দোয়া করবেন। আল্লাহতায়ালা যাতে উনাকে বেহেশত দান করেন।’

খালেদা জিয়ার জানাজা মানিক মিয়া অ্যাভিনিউয়ে, দাফন জিয়াউর রহমানের পাশে

0

আধুনিক ডেস্ক ::
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। মঙ্গলবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে তিনি খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে এই সিদ্ধান্তের কথা জানান।

খালেদা জিয়া আর নেই

0

আধুৃনিক ডেস্ক ::

না ফেরার দেশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। থেমে গেল দীর্ঘ ৪৩ বছরের সংগ্রামী, লড়াকু এক রাজনৈতিক জীবন। জাতি হারালো রাজনীতির এক অভিভাবক। মানুষ আর গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করে বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন গণমুখী রাজনীতির উজ্জ্বল এক নক্ষত্র, গণতন্ত্র ও অধিকার রক্ষায় এক লড়াকু সৈনিক। লাজুক গৃহবধূ থেকে রাজনীতির ময়দানে পা রাখা বেগম খালেদা জিয়া  প্রতিটি গণতান্ত্রিক লড়াইয়ে ছিলেন সামনের সারির লড়াকু এক যোদ্ধা। নির্বাচনী লড়াইয়ে যার কোনো পরাজয় নেই। ৩০ ডিসেম্বর, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন খালেদা জিয়া। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। কিডনি, হৃদরােগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রায় এক মাস যাবত তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ২৩  নভেম্বর জরুরি ভিত্তিতে হাসপাতালে নেয়া হয় খালেদা জিয়াকে। এর আগে ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়ে গাড়িতে ওঠেই অস্বস্তি বোধ করছিলেন তিনি। বহু বছর ধরেই তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন। গত মাসের শেষ দিকে খালেদা জিয়ার অবস্থা ‘সংকটময়’ জানানোর পর থেকেই দলের নেতাকর্মীদের মধ্যে ‘উৎকণ্ঠা’ তৈরি হয়। এরপর থেকে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে দলের সর্বস্তরে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমেও তার সবশেষ অবস্থা নিয়ে নানা গুঞ্জন তৈরি হতে থাকে। তবে বিএনপির পক্ষ থেকে নিয়মিত ব্রিফিং করে বা লিখিতভাবে তার স্বাস্থ্যের অবস্থার আপডেট জানানো হতে থাকে। খালেদা জিয়াকে এর মধ্যেই আরো উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও শারীরিক অবস্থা বিবেচনায় শেষ পর্যন্ত তা আর করা যায়নি। দেশ-বিদেশের চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এই পরিস্থিতির মধ্যেই গত ২৫ ডিসেম্বর খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন।

১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপি’র প্রাথমিক সদস্য রূপে দলে যোগ দেবার পর থেকে মোট পাঁচবার তিনি গ্রেপ্তার হন। এ ছাড়া তার বিরুদ্ধে মোট ৩৭টি মামলা করা হয়। এরশাদবিরোধী আন্দোলনের সময় ১৯৮৩ সালের ২৮ নভেম্বর, ১৯৮৪ সালের ৩ মে, ১৯৮৭ সালের ১১ নভেম্বর  গ্রেপ্তার হন। তিনি ২০০৭ সালের ৩রা সেপ্টেম্বর দুর্নীতির অভিযোগে পুত্রসহ আটক হন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি সর্বোচ্চ বিচারালয়ের নির্দেশে মুক্তিলাভ করেন। তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক বন্দি হওয়ার পর দীর্ঘ এক বছর সাতদিন কারাগারে অবস্থানকালে তার বিরুদ্ধে চলতে থাকা কোনো অভিযোগেরই উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি এবং চলতে থাকা তদন্তে তার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। ৮ই ফেব্রুয়ারি ২০১৮ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের দায়ে তার ৭ বছরের সশ্রম কারাদণ্ড হয়। এরপরই তাকে বন্দি করে পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫শে মার্চ তাকে নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর থেকে তিনি গুলশানের ভাড়াবাসা ফিরোজায় উঠেন। ২০২১ সালের মে মাসে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেন তিনি। তখনো শ্বাসকষ্টে ভোগার কারণে তাকে করোনারি কেয়ার ইউনিটে থেকে চিকিৎসা নিতে হয়েছিল। এরপর ২০২৪ সালের জুনে তার হৃদপিণ্ডে পেসমেকার বসানো হয়। তখনো তিনি মূলত হার্ট, কিডনি ও লিভারসহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন, যা তার শারীরিক অবস্থাকে জটিল করে তুলেছিলো। এর আগে থেকেই তার হার্টে তিনটি ব্লক ছিল। আগে একটা রিংও পরানো হয়েছিল। এছাড়া ২০২৪ সালের জুনে পোর্টো সিস্টেমেটিক অ্যানেসটোমেসির মাধ্যমে খালেদা জিয়ার লিভারের চিকিৎসাও দেওয়া হয়েছে বিদেশ থেকে ডাক্তার এনে।

আওয়ামী লীগ আমলে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলো আদালত, তারপর থেকে প্রথমে কারাগারে বিশেষ ব্যবস্থায় ও পরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দুর্নীতির আরেকটি মামলাতেও তাকে কারাদণ্ড দেওয়া হয়। পরে হাসপাতালে থাকা অবস্থাতেই নির্বাহী আদেশে বিশেষ শর্তে মুক্তির পর তিনি গুলশানের বাসায় উঠেন। ২০২৪ সালে অগাস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ৬ই অগাস্ট রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তাকে সব দণ্ড থেকে পুরোপুরি মুক্তি দেওয়া হয়।

খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট অবিভক্ত দিনাজপুর  জেলার  জলপাইগুঁড়িতে যা বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা। বাবা এস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। তিন বোন এবং দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। আদি পৈতৃকনিবাস ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ী। বাবা এস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন গৃহিণী। খালেদা জিয়ার শৈশব ও শিক্ষা জীবন কাটে দিনাজপুরে। শৈশবে তিনি খালেদা খানম পুতুল নামে পরিচিত ছিলেন। পাঁচ বছর বয়সে খালেদা খানম পুতুলকে তার বাবা দিনাজপুরের সেন্ট জোসেফ কনভেন্টে ভর্তি করান। সেখানে খালেদা জিয়া প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি দিনাজপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন। এরপর দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন। ১৯৬৩ সালে এ কলেজ থেকে খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন। দিনাজপুরের মুদিপাড়ায় পিত্রালয়ে ১৯৬০ সালের ৫ আগস্ট সেনাবাহিনীর তরুণ ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে খালেদা খানম পুতুলের বিয়ে হয়। এরপর থেকে তিনি খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। জিয়াউর রহমানের সঙ্গে যখন তার বিয়ে হয় তখন জিয়া ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। ডিএফআই-এর কর্মকর্তা রূপে তখন দিনাজপুরে কর্মরত ছিলেন। জিয়া-খালেদা দম্পতির দুই ছেলে। বড় ছেলে তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। ছোটজন আরাফাত রহমান কোকোর জন্ম ১৯৭০ সালের ১২ আগস্ট। কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়াতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। জিয়াউর রহমান ১৯৭৭ সালে দেশের রাষ্ট্রপতি হন এবং ১৯৮১ সালের ৩০ মে সেনাবাহিনীর বিপথগামী কিছু সদস্যের গুলিতে শহীদ হন। মাত্র ২১ বছরের দাম্পত্য জীবন কাটিয়ে ৩৬ বছর বয়সে খালেদা জিয়া অকাল বৈধব্য বরণ করেন। জিয়াউর রহমান কখনো স্ত্রীকে রাজনীতির প্রতি আগ্রহী করেননি। তাঁর প্রয়াণের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে ১৯৮২ সালের ৩ জানুয়ারি খালেদা জিয়া বিএনপির সদস্যপদ গ্রহণ করেন। শুরু হয় তার রাজনৈতিক জীবন। দলীয় শৃঙ্খলা ও নেতৃত্ব সমুন্নত রাখার পাশাপাশি এরশাদের স্বৈরশাসনবিরোধী গণ-আন্দোলনের ভেতর দিয়ে খালেদা জিয়ার নেতৃত্ব প্রতিষ্ঠিত করেন। প্রথমেই দলের শীর্ষ পদ পাননি। রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর দিয়ে ভাইস চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পর বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন। নিজের ৪৩ বছরের রাজনৈতিক জীবনের ৪১ বছরই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন।

এরশাদবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৮৩ সালে গঠিত হয়েছিল ৭ দলীয় ঐক্যজোট। ১৯৮৬ সালে তিনি জাতির কাছে দেওয়া অঙ্গীকার পূরণ করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করায় ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন। ১৯৮৭ সাল থেকে তিনি ‘এরশাদ হটাও’ শীর্ষক এক দফা আন্দোলন শুরু করেন। দীর্ঘ রাজনৈতিক আন্দোলন–সংগ্রামের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়ী হয়। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া ১৯৯১ সালের ২০ মার্চ সন্ধ্যায় বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের কাছে শপথ নেন। তিনি ১৯৯৬ সালে দ্বিতীয় এবং ২০০১ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব পালন করেন। এ ছাড়া ১৯৯৬ সালে ও ২০০৯ সালে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন তিনি। খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত মোট ২৩টি সংসদীয় আসনে নির্বাচন করেছেন। কোনোটিতেই তিনি পরাজিত হননি।  

শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

0

আধুনিক ডেস্ক ::

৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের ৪ দিনব্যাপী কর্মসূচি সমাপ্ত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) কর্মসিূচির শেষ দিনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূর

শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের সভাপতি পারভেজ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌকির আহমদ শাওনের পরিচালনায় শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পার্শ্বের রাস্তা সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী। বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্বারী হেলাল আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের উপদেষ্টা সাব্বির আহমদ, আজমল হোসেন, ফখর উদ্দিন, জসিম উদ্দিন, আবুল কাশেম, নুরুল আলম, আব্দুল কাদির, জহিরুল হক মাহমুদ, আব্দুল মালিক ও শামীম আহমদ প্রমূখ।