Home Blog Page 61

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

0

আধুনিক ডেস্ক ::

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার আইসিসির সঙ্গে এক ভিডিও কনফারেন্সে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশকে তাদের অবস্থান পরিবর্তনের অনুরোধ জানায়। তবে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারতে যাবে না। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেছে বোর্ড। মঙ্গলবার দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে এই গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সভার বিষয়বস্তু নিশ্চিত করেছে বিসিবি।

সভায় আইসিসির পক্ষ থেকে যুক্তি দেখানো হয়, টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই ঘোষিত হয়ে গেছে। এই শেষ মুহূর্তে ভেন্যু বা সূচি পরিবর্তন লজিস্টিক কারণে বেশ জটিল। তাই বাংলাদেশকে তাদের ‘ভারতে না যাওয়ার’ সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানায় সংস্থাটি।

তবে বিসিবি তাদের অবস্থানে অনড়। নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উল্লেখ করে বোর্ডের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলা সম্ভব নয়। তাই বিকল্প হিসেবে ভারতের বাইরেই বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের জোর দাবি জানানো হয়।

বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার প্রস্তাব আইসিসিকে পুনরায় দিয়েছে বিসিবি। বিসিবি জানিয়েছে, ক্রিকেটার, কোচিং স্টাফ ও অফিশিয়ালদের নিরাপত্তা ও সুরক্ষাকেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

ভিডিও কনফারেন্সে বিসিবির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়। এতে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। এছাড়া ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও বৈঠকে অংশ নেন।

সেই মুনতাহার নামে নামকরণ, নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধারে চালু ‘মুন অ্যালার্ট’, হটলাইন ১৩২১৯

0

আধুনিক ডেস্ক ::
নিখোঁজ শিশুদের দ্রুত খুঁজে বের করতে ও উদ্ধারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘মুন অ্যালার্ট’ নামের বিশেষ সেবা চালু করা হয়েছে। ২০২৪ সালে সিলেটে অপহরণের পর নিহত শিশু মুনতাহার স্মরণে এই অ্যালার্ট সিস্টেমের নামকরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন থেকে দেশজুড়ে কোনো শিশু নিখোঁজ হলে সিআইডির টোল ফ্রি হটলাইন নম্বর ১৩২১৯-এ কল করে জানানো যাবে। এ ছাড়া ‘মুন অ্যালার্ট’ (munalert.org) ওয়েবসাইটেও নিখোঁজ শিশুর তথ্য রিপোর্ট করা যাবে। শিশু নিখোঁজ হওয়ার পরবর্তী তিন ঘণ্টাকে ‘গোল্ডেন টাইম’ হিসেবে বিবেচনা করে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সিআইডি।

অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ বলেন, নিখোঁজ শিশুদের উদ্ধারে সিআইডিতে বিশেষ ‘মিসিং চিলড্রেন সেল’ গঠন করা হয়েছে। অ্যালার্ট জারির সঙ্গে সঙ্গে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নির্দিষ্ট এলাকার মানুষের কাছে বার্তা পৌঁছে যাবে। মেট্রো রেল স্টেশন, এটিএম বুথ ও ব্যাংকের ডিজিটাল স্ক্রিনেও নিখোঁজ শিশুর ছবি ও তথ্য ভেসে উঠবে। এমনকি মসজিদের মাইক ব্যবহার করেও প্রচারের ব্যবস্থা করা হবে।

অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশের কনভেনর সাদাত রহমান সংবাদ সম্মেলনে বলেন, ২০২৪ সালে শিশু মুনতাহা নিখোঁজ হওয়ার সাত দিন পর তার লাশ উদ্ধার হয়। তখন থেকেই আমরা ভাবছিলাম, যদি তাৎক্ষণিক কোনো অ্যালার্ট সিস্টেম থাকত, তবে হয়তো তাকে বাঁচানো যেত। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেনের (এনসিএমইসি) সহযোগিতায় আমরা এই প্রযুক্তিগত কাঠামো দাঁড় করিয়েছি।

যুক্তরাষ্ট্রের অ্যাম্বার অ্যালার্ট, মালয়েশিয়ার নূর অ্যালার্ট বা পাকিস্তানের জয়নাব অ্যালার্টের আদলে বাংলাদেশে ‘মুন অ্যালার্ট’ কাজ করবে বলে জানান তিনি। তিনি আরও জানান, আগামী মার্চ মাস থেকে মেটার (ফেসবুক) সহায়তায় ফিচারটির ব্যাপ্তি আরও বাড়ানো হবে।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি ও সিটি ব্যাংকের এমডি মাশরুর আরেফিন জানান, ব্যাংকিং খাত এই উদ্যোগে সর্বাত্মক সহায়তা করবে। মুন অ্যালার্ট জারি হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের এটিএম বুথের স্ক্রিন এবং শাখার টেলিভিশনে নিখোঁজ শিশুর ছবি ও তথ্য প্রচার করা হবে। সিআইডির সহায়তা পেলে ভবিষ্যতে ব্যাংকগুলোর অর্থায়নে বাস স্টেশন ও লঞ্চ টার্মিনালগুলোতেও এরকম স্ক্রিন বসানো যেতে পারে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯৯৯-এর সঙ্গে ১৩২১৯ নম্বরটির সমন্বয় করা হবে, যাতে ২৪ ঘণ্টা এই সেবা পাওয়া যায়।

সংবাদ সম্মেলনটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন গণমাধ্যম ও উন্নয়নকর্মী দীপ্তি চৌধুরী। সেখানে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের পরিচালক মো. নুরাননবীসহ আরও উপস্থিত ছিলেন সিআইডি ও অ্যাম্বার অ্যালার্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিটিআরসি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইসির ঘোষণায় উত্তাল শাবি ক্যাম্পাস,

0

শাবিপ্রবি প্রতিনিধি:
দীর্ঘ ২৮ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে ২০ জানুয়ারি। সে অনুযায়ী প্রার্থী ও শিক্ষার্থীদের প্রচারণায় উৎসব মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। কিন্তু আজ সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে ১২ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন আয়োজন করা যাবে না। এরই প্রেক্ষিতে শাকসু নির্বাচন স্থগিত হতে পারে বলে মন্তব্য করেছেন শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড নজরুল ইসলাম।

অধ্যাপক ড নজরুল ইসলাম বলেন, ইসির এ প্রজ্ঞাপন যদি সঠিক হয় তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বাংলাদেশ নির্বাচন কমিশনের সমন্বয় করে শাকসু নির্বাচন স্থগিত করা লাগতে পারে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের করতে জড়ো হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর এলাকা থেকে মিছিল নিয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় আবু সাঈদ- মুগ্ধ শেষনি যুদ্ধ, শাকসু মোদের অধিকার রুখে দেওয়ার সাধ্য কার,শাকসু নিয়ে তালবাহানা, চলবে না চলবে না সহ বিভিন্ন স্লোগান দেয়।

শাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা মঙ্গলবার, আসনপ্রতি লড়বেন ৫৩ জন

0

শাবি প্রতিনিধি ::

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫৩ জন ভর্তিচ্ছু। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. আহমেদ কবির চৌধুরী।

তিনি জানান, এ বছর ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ৯৮৫টি আসনের বিপরীতে অংশ নেবেন ৫২ হাজার ৮২৩ জন। এই ইউনিটের ‘এ-১’ (বিজ্ঞান) ৯৫৫ আসন ও ‘এ-২’ (বিজ্ঞান ও আর্কিটেকচার) ৩০ আসন রয়েছে। তিনি আরও বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা ও সিলেটের ১৮টি কেন্দ্রে এ-১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ-১ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে, শাবিপ্রবি ক্যাম্পাসে এ-২ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ-১ ইউনিটে ঢাকার কেন্দ্রগুলোতে অংশ নেবেন ৪৩ হাজার ২৩৭ জন এবং সিলেটে ৯ হাজার ৫৮৬ জন পরীক্ষার্থী।কৃষি ও খনিজ বিজ্ঞান অনুষদ, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, জীব বিজ্ঞান অনুষদ এবং ভৌত বিজ্ঞান অনুষদ ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত।

ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ১২টি কেন্দ্র হলো- নীলক্ষেত উচ্চ বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ (বুয়েট), ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ, গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ, বিটিসিএল আইডিয়াল স্কুল, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, রায়হান স্কুল অ্যান্ড কলেজ ও মগবাজার গার্লস হাইস্কুল।

শাবি ক্যাম্পাস ছাড়াও চারটি কেন্দ্র হলো পাটানতুলা জামেয়া, মিরাবাজার জামেয়া, অগ্রগামী গার্লস হাইস্কুল ও আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয়।

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান

0

আধুনিক ডেস্ক ::

ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয় বাংলাদেশ। নিজেদের এই অনড় অবস্থান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিঠি লিখে আইসিসিকে জানিয়ে দেওয়ার পর এবার দৃশ্যপটে হাজির পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের জিও টিভির এক খবরে বলা হয়েছে, বাংলাদেশ দলের ম্যাচগুলো আয়োজন করার আগ্রহ দেখিয়েছে পিসিবি।

ঘটনার সূত্রপাত উগ্রবাদীদের চাপের মুখে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত থেকে। এর জের ধরে বাংলাদেশ-ভারত দুই দেশের টানাপোড়েনটা ক্রিকেট ছাপিয়ে কূটনৈতিক পর্যায়ে চলে গেছে। কেকেআর, আইপিএল বা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মোস্তাফিজকে বাদ দেওয়ার কোনো নির্দিষ্ট কারণ বলেনি। তবে এর পাল্টা জবাব দিতে দেরি করেনি বাংলাদেশও।

এরই মধ্যে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আইসিসিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে—ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ গুজরাটের বরোদরায় বিসিসিআই কর্তাদের সঙ্গে একটি বৈঠক করার কথা আইসিসির চেয়ারম্যান জয় শাহর। তবে বৈঠকটি শেষ পর্যন্ত হয়েছে কি না, তা এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা যায়নি।

এরই মধ্যে পিসিবির দায়িত্বশীল একটি সূত্র পাকিস্তানের জিও নিউজকে বলেছে, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে পাকিস্তানের মাঠগুলো ‘প্রস্তুত ও পুরোপুরি সজ্জিত’। শ্রীলঙ্কার ভেন্যু পাওয়া না গেলে বিকল্প হিসেবে পাকিস্তান এগিয়ে আসতে পারে। পিসিবি মনে করে, সাম্প্রতিক বছরগুলোতে তারা বেশ সফলতার সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ও নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজন করে সবার আস্থা অর্জন করেছে।

পিসিবির দাবি, আইসিসি চাইলে তারা সহজেই বাংলাদেশ দলের ম্যাচগুলো আয়োজন করতে পারবে। পাকিস্তানের সব ভেন্যুই প্রস্তুত আছে। পিসিবি এ ব্যাপারে আইসিসিকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব না দিলেও বিসিবির ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার অবস্থানকে পাকিস্তান ক্রিকেট বোর্ড সমর্থন জানাচ্ছে বলে জানিয়েছে একটি সূত্র।

বর্তমান সূচি অনুযায়ী, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ হওয়ার কথা কলকাতায়, আর শেষ ম্যাচটি মুম্বাইয়ে।

জাফলংয়ে পেলোডারচাপায় বালু শ্রমিক নিহত

0

গোয়াইনঘাট প্রতিনিধি ::

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে বালু উত্তোলনের সময় পেলোডারের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের জুমপাড় এলাকায় পিয়াইন নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ আহমেদ (২৭)।তিনি ছৈলাখেল অষ্টম খণ্ড এলাকার জামাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, পূর্ব জাফলং ইউনিয়নের ফারুক আহমদের মালিকানাধীন একটি পেলোডার দিয়ে নদীসংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলনের সময় যন্ত্রটির চাকায় চাপা পড়ে পারভেজ আহমেদ গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

0

আধুনিক ডেস্ক ::

টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে এক শিশু আহত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউপির তেচ্ছিব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। আহত আফনান ওরফে পুতুনি (১২) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। সে লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, শিশুটি গুলিবিদ্ধ হয়েছে। প্রথমে মারা যাওয়ার কথা শোনা গেলেও তা সঠিক নয়। এর আগে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র বলেছিলেন, ওপার থেকে আসা গুলিতে শিশুর মৃত্যু হয়েছে। গুলিতে আহত হয়েছেন আরও একজন। শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন।
স্থানীয়দের ভাষ্য, কয়েকদিন ধরে এই সীমান্তের ওপারে গোলাগুলি ঘটনা চলছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা থেকে শুরু গোলাগুলি রোববার ভোরে থেমেছে। এতে সীমান্তের মানুষ আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছেন।
উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক (৬৪ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলির খবর শুনেছি। আমরা খোঁজ খবর রাখছি। পাশাপাশি যাতে কোনোভাবে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে আমরা সর্তক অবস্থানে রয়েছি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, হোয়াইক্যং সীমান্তের গোলাগুলির কারনে সীমান্তের বসবাসকারী মানুষদের নিরাপদে থাকতে বলা হয়েছে। সড়ক অবরোধ সরানোর চেষ্টা চলছে।

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

0

আধুনিক ডেস্ক ::

বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে গঠনতন্ত্র অনুযায়ী তাকে এই পদে আসীন করার সিদ্ধান্ত হয়। স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান কার্যালয়ের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, দলের গঠনতন্ত্রের বিধান অনুসারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, পরবর্তীতে সফরের নতুন সময়সূচি জানানো হবে।

স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম ও এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, কর্মসূচি ও সাংগঠনিক দিকনির্দেশনা এই কমিটির বৈঠকে চূড়ান্ত হয়ে থাকে। শুক্রবারের জরুরি বৈঠকেও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও দলের করণীয় নিয়ে বিস্তৃত আলোচনা হয় বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশ হচ্ছে, ফেসবুকে জানালেন আইন উপদেষ্টা

0

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে পৃথক অধ্যাদেশ করছে সরকার। আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়াও তৈরি করেছে। পরবর্তী উপদেষ্টা পরিষদের বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বৃহস্পতিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্যগুলো জানান।

‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ শিরোনামে পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল। অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল সে জন্য তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজনও রয়েছে। এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব (বা গণ-অভ্যুত্থানে) জনধিকৃত সরকারগুলোর পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায়মুক্তির আইন হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিল।’

আসিফ নজরুল লেখেন, ‘এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। ইনশা আল্লাহ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।’

এর আগে ৬ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ করার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। এ জন্য অধ্যাদেশের খসড়া তৈরি করতে আইন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়।

সিলেট মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

আধুনিক ডেস্কঃ

“জুলাই বিপ্লব-পরবর্তী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিলেট মহানগর।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মিরাবাজার জামেয়া মাঠে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে এবং সিলেট মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবের আগের যে পরিবেশ ছিল, একটি পক্ষ সেই পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমরা তাদের স্পষ্টভাবে সতর্ক করে বলতে চাই—আপনারা যদি ভেবে থাকেন এ জাতির তরুণ ও সচেতন নাগরিকদের বিভ্রান্ত করে জুলাইয়ের আগের পরিবেশ ফিরিয়ে আনবেন, তাহলে জুলাই বিপ্লবের তরুণরা তা বাস্তবায়ন হতে দেবে না।

তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করছি—একটি পাতানো নির্বাচন আয়োজন করে কেউ কেউ ক্ষমতায় আসতে চায়। এ উদ্দেশ্যে তারা রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউশনকে ব্যবহার করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের তরুণ সমাজ এ ধরনের কোনো অপচেষ্টা সফল হতে দেবে না। যারা চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়মের পক্ষে অবস্থান নেবে এবং যারা জুলাই চেতনার বিরুদ্ধে অবস্থান নেবে, ছাত্রশিবির তরুণদের সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন করবে।

তিনি বলেন, জুলাই সংস্কার প্রস্তাবনাকে এ দেশের তরুণ সমাজ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। এই সংস্কার প্রস্তাবনা বাস্তবায়িত হলে বাংলাদেশে আর ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটবে না। যারা ফ্যাসিবাদী মানসিকতা ধারণ করে, তারাই এই সংস্কারের বিরোধিতা করছে। আমরা তাদের উদ্দেশে বলতে চাই—যারা এই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেবে, ছাত্রশিবির এ দেশের তরুণ সমাজকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গড়ে তুলবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর নুরুল ইসলাম বাবুল, ছাত্রশিবির সিলেট মহানগরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ এবং সিলেট মহানগরের সাবেক সভাপতি নজরুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং ছাত্রশিবির সিলেট মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।