Home Blog Page 275

সোমবারের রাশিফল (২৭ নভেম্বর)

0

 
আজ ২৭ নভেম্বর ২০২৩, রোজ সোমবার। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?

এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ রাশি
মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন। কাজের চাপ বাড়তে পারে।

বৃষ রাশি
সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে। কপালে অপমান জুটতে পারে।

মিথুন রাশি
অধিক খরচের জন্য চিন্তা বাড়বে। প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে।

কর্কট রাশি
শেয়ারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে। পেটের কষ্ট বাড়তে পারে।

সিংহ রাশি
সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে।

কন্যা রাশি
প্রেমের ব্যাপারে মনঃকষ্ট বাড়তে পারে। বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে।

তুলা রাশি
রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে। উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে।

বৃশ্চিক রাশি
প্রেমের অশান্তি মিটে যেতে পারে। কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে।

ধনু রাশি
কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না। আধ্যত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন।

মকর রাশি
গবেষণার কাজে সাফল্য লাভ। খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে।

কুম্ভ রাশি
শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে। কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ।

মীন রাশি
মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভাল সময়। কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে।

হবিগঞ্জে পল্লী চিকিৎসক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন সাজা

0

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে পল্লী চিকিৎসক আফজালুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। 

সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। নিহত পল্লী চিকিৎসক আফজালুর রহমান উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা। 

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের জিয়া উদ্দিনের পুত্র সালাউদ্দিন ও তার ভাই জসিম উদ্দিন, একই উপজেলার বহরা গ্রামের ছনা মিয়ার পুত্র রফিজ উদ্দিন, মতিউর রহমানের পুত্র আজিজুর রহমান ও বাদশা মিয়ার পুত্র আক্তার মিয়া। 

আদালত সূত্রে জানা যায়, আসামিদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল পল্লী চিকিৎসক আফজালুর রহমানের। এরই জেরধরে আসামিরা ২০০৬ সালের ২১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় একটি বাজার থেকে ফেরার পথে ধরাছড়া ব্রীজ এলাকায় আফজালুরকে একা পেয়ে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে মারা যান আফজালুর রহমান। পরদিন ২২ মার্চ এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী ছকিনা বেগম বাদী হয়ে ৫ আসামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে ২৩ জন স্বাক্ষীর মধ্যে ১৯ জনের স্বাক্ষ্য প্রমান শেষে আদালত রায় ঘোষণা করেন। 

বাদী পক্ষের আইনজীবি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন। আর আসামি পক্ষের আইনজীবি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। 

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বরেকর্ড গড়লো ভারত

0

 
কেরালার তিরুঅনন্তপুরমে অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছে ভারত। আন্তর্জাতিক টি-২০তে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডে পাকিস্তানকে ছুঁয়ে ফেলেছে তারা। কিন্তু একটি ক্ষেত্রে বাবর আজমদের টপকে গেছেন যশস্বী জসওয়াল, রিঙ্কু সিংরা। পাকিস্তানকে ছুঁতে কম ম্যাচ খেলতে হয়েছে ভারতকে।

রোববার অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-২০তে ১৩৫তম ম্যাচ জিতেছে ভারত। ১৩৫টি টি-২০ জিততে ২১১টি ম্যাচ লেগেছে ভারতের। পাকিস্তানও টি-২০তে ১৩৫টি ম্যাচ জিতেছে। সেটা করতে ২২৬টি ম্যাচ লেগেছে পাকিস্তানের। অর্থাৎ, পাকিস্তানের থেকে ১৫টি ম্যাচ কম খেলে সমসংখ্যক ম্যাচ জিতেছে ভারত।

২০০৬ সালের ১ ডিসেম্বর প্রথম টি-২০ ম্যাচ খেলেছিল ভারত। জোহানেসবার্গে বীরেন্দ্র শেবাগের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছিল তারা। তারপর থেকে টি-২০তে আরো ১২ জন ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ৭২টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৭ সালে ভারতের একমাত্র টি-২০ বিশ্বকাপও তার নেতৃত্বে এসেছে।

তিরুঅনন্তপুরমে প্রথমে ব্যাট করে ২৩৬ রান করেছিল ভারত। হাফ সেঞ্চুরি করেন যশস্বী, ঋতুরাজ গায়কোয়াড় ও ঈশান কিষাণ। শেষ দিকে ৯ বলে ৩১ রানের ইনিংস খেলেন রিঙ্কু। জবাবে ব্যাট করতে নেমে ১৯১ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। ৪৪ রানে ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে যায় ভারত।

মাত্র ৪ ইনিংসেই শীর্ষে রিংকু সিং!

0

 
আন্তর্জাতিক ক্রিকেটে অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন বিরাট কোহলি। ব্যাট হাতে দুর্দান্ত সব ইনিংস খেলে একের পর এক রেকর্ড গড়েছেন ভারতের তারকা ক্রিকেটার। তবে মাত্র চার ইনিংস খেলে সেই কোহলিকেই পেছনে ফেলে দিয়েছেন তার স্বদেশী রিংকু সিং। 

চলতি বছরের আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রিংকুর অভিষেক হয়। যদিও প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি তিনি। এরপর ২০ আগস্ট আইরিশদের বিপক্ষে ২১ বলে ৩৮ রান করে হন ম্যাচসেরা।

এশিয়ান গেমস থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ- তিন ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সবগুলো ম্যাচেই অপরাজিত থাকেন রিংকু। সর্বশেষ ম্যাচে অজিদের বিপক্ষে খেলেন ৯ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস। 

৪ ইনিংসের তিনটিতে অপরাজিত থাকায় রিংকুর ব্যাটিং গড় দাঁড়িয়েছে ১২৮! আর তাতেই তিনি পেছনে ফেলেছেন কোহলিকে। ১২৮ গড় নিয়ে আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ ব্যাটিং গড় এখন রিংকুর।

১১৭ গড় নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ইসরায়েলের গ্যাব্রিয়েল স্কাকাট। টি-২০ ফরম্যাটে কোহলির ব্যাটিং গড় রিংকুর অর্ধেকেরও কম। ৫২.৭৩ গড় নিয়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে তিনে আছেন কোহলি।

আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ গড়ের শীর্ষ পাঁচ ব্যাটার: 
রিংকু সিং (ভারত): ১২৮.০০ 
গ্যাব্রিয়েল স্কাকাট (ইসরায়েল): ১১৭.০০ 
মোহাম্মদ আওয়াইজ (গ্রিস): ৮২.০০
শেখ রাসিক (হাঙ্গেরি): ৭৮.০০ 
মা’আরা আভে (কুক আইল্যান্ড): ৭২.৫০

আজানের পর দোয়া পড়ার ফজিলত

0

 
আজান মুসলিমদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রতিদিন ফরজ বিধান নামাজ আদায়ের জন্য আজান দেওয়া হয়। যিনি আজান দেন তাকেই মুয়াজ্জিন বলা হয়। নামাজের যেমন গুরুত্ব রয়েছে, ঠিক তেমনি আজানেও গুরুত্ব রয়েছে।

আজানের পর রাসুল (সা.) একটি দোয়া পড়তে বলেছেন-

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلاَةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّداً الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامَاً مَحمُوداً الَّذِي وَعَدْتَهُ

উচ্চারণ : আল্লাহুম্মা রববা হাজিহিদ দাওয়াতিত তাম্মাহ, ওয়াস সালাতিল কাইমাহ, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ, ওয়াবআছহু মাকামাম মাহমুদানিল্লাজি ওয়াআদতাহ।

অর্থ : হে আল্লাহ, আপনি এই পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের রব। মুহাম্মদ (সা.)-কে (জান্নাতে প্রবেশের) মাধ্যম এবং (সবার মধ্যে বিশেষ) সম্মান দান করুন। তাকে প্রশংসিত স্থানে পৌঁছে দিন, যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন।

জাবির বিন আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি আজান শুনে উল্লিখিত দোয়া পড়বে কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ থাকবে। (বুখারি, হাদিস : ৬১৪)

আজানের ফজিলত সম্পর্কে বুখারি শরিফে বলা হয়েছে, আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজের জন্য আজান দেওয়া হয়, তখন শয়তান হাওয়া ছেড়ে পালায়, যাতে সে আজানের শব্দ না শোনে। যখন আজান শেষ হয়ে যায়, তখন সে আবার ফিরে আসে। আবার যখন নামাজের জন্য একামত বলা হয়, তখন আবার সে দূরে সরে যায়। একামত শেষ হলে সে পুনরায় ফিরে এসে লোকের মনে কুমন্ত্রণা দিয়ে বলে, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো। এভাবে বিস্মৃত বিষয়গুলো সে স্মরণ করিয়ে দেয়। তাতে লোকটি এমন অবস্থায় গিয়ে পৌঁছায় যে, সে কয় রাকাত নামাজ আদায় করেছে তা আর মনে করতে পারে না।

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে ফিলিস্তিনি ৩ শিক্ষার্থী আহত

0

 
যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করা হয়েছে। এতে তারা গুরুতর আহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ভার্মন্ট অঙ্গরাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসের কাছেই এই হামলার ঘটনা ঘটে।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার যুক্তরাষ্ট্রের ভার্মন্টে গুলিবিদ্ধ তিন ফিলিস্তিনি ছাত্রের পরিবার এই হামলাকে ঘৃণামূলক অপরাধ হিসেবে তদন্ত করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে। গুলিবিদ্ধ তিন শিক্ষার্থীর নাম হিশাম আওয়ারতানি, তাহসিন আহমেদ এবং কিন্নান আবদালহামিদ।

বার্লিংটন পুলিশ জানিয়েছে, ইউনিভার্সিটি অব ভার্মন্ট ক্যাম্পাসের কাছে তাদেরকে গুলি করা হয়।

হামলার ঘটনার পর কর্মকর্তারা হামলার সম্ভাব্য উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত করছেন। তারা বলছেন, হামলার সময় তারা ঐতিহ্যবাহী স্কার্ফ কেফিয়েহ পরা ছিলেন এবং আরবি ভাষায় কথা বলছিলেন। সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে পুলিশ।

সূত্র: বিবিসি

সুবিদবাজারে বিএনপির মশাল মিছিল থেকে অ্যাম্বুলেন্স ভাঙচুর

0

সিলেট নগরীতে বিএনপির মশাল মিছিল থেকে একটি অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

রোববার রাত ৮টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ গেলে মিছিলকারীরা পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে হঠাৎ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন। এ সময় তারা একটি অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এতে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যান।

ঘটনার পর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা পাল্টা শোডাউন দেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, বিএনপি নেতাকর্মীদের মিছিল থেকে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়েছে। পুলিশ পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ : সিলেটে ২০০০ পদের বিপরীতে ৫২ হাজার পরীক্ষার্থী

0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর।

সিলেট অঞ্চলে এ পদে লোক প্রয়োজন ২ হাজার। তবে পরীক্ষার্থী রয়েছেন ৫২ হাজার ৪৭০ জন। ফলে সিলেটে একটি শূন্যপদের বিপরীতে লড়ছেন ২৬ জন।
 
প্রাথমিক শিক্ষা অধিদফতর সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা গেছে, গত জুলাই মাসের হিসেব অনুযায়ী সিলেট বিভাগের চার জেলার ৫ হাজার ৫৪ টি বিদ্যালয়ে মোট ৩ হাজার ১২৪ জন শিক্ষকের পদ শুন্য রয়েছে। এর মধ্যে ১ হাজার ১৬০টি প্রধান শিক্ষক ও ১ হাজার ৯৬৪ টি সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে। এছাড়া বিভাগের ৪ জেলায় অফিস সহকারী, এমএলএসএস ও নৈশপ্রহরী সহ আরো সহস্রাধিক প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর পদ খালি রয়েছে।

বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস জানায়, জুলাই মাসের হিসেবে অনুযায়ী সিলেট অঞ্চলে ২৫ হাজার ৭৮১ জন সহকারী শিক্ষকের পদ থাকলেও কর্মরত আছেন ২৩ হাজার ৮১৭ জন। এরমধ্যে খালি রয়েছে ১ হাজার ৯৬৪ টি পদ। যদিও চলতি নভেম্বর মাসে শুন্যপদের সংখ্যা আরো বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
 
জানা গেছে, সিলেট জেলায় ৭ হাজার ৮৬৫ টি সহকারী শিক্ষক পদের বিপরীতে শুন্য রয়েছে ৬৭০টি, সুনামগঞ্জে ৭ হাজার ২৫৪ টি পদের বিপরীতে শুন্য রয়েছে ৭৫১ টি, হবিগঞ্জে ৫ হাজার ৩২৪ টি পদের বিপরীতে শুন্য রয়েছে ২৪৬ টি ও মৌলভীবাজারে ৫ হাজার ৩৩৮ টি পদের বিপরীতে ২৯৭ টি সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে।
 
এছাড়া সিলেট বিভাগে ৫ হাজার ৫৪টি প্রধান শিক্ষকের পদ থাকলেও কর্মরত রয়েছেন ৩ হাজার ৮৯৪ জন। এরমধ্যে ১ হাজার ১৬০ টি পদ খালি রয়েছে। এরমধ্যে সিলেট জেলায় ৩৩৫ টি, সুনামগঞ্জে ৩১০ টি, হবিগঞ্জে ২১৯ টি ও মৌলভীবাজারে ২৯৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে।

সিলেট বিভাগে ১ হাজার ৯৬৪টি সহকারী শিক্ষকের শুন্যপদের বিপরীতে এবার আবেদন করেন ৫২ হাজার ৪৭০ জন পরীক্ষার্থী। এরমধ্যে সিলেট জেলার ৬৭০টি সহকারী শিক্ষকের শুন্যপদের বিপরীতে আবেদন করেন ১২ হাজার ৯৫৫ জন, সুনামগঞ্জ জেলায় ৭৫১টি পদের বিপরীতে আবেদন করেন ১৫ হাজার ১০৭ জন, হবিগঞ্জ জেলায় ২৪৬টি পদের বিপরীতে ১৩ হাজার ৬৪১ জন ও মৌলভীবাজার জেলায় ২৯৭টি পদের বিপরীতে আবেদন করেন ১০ হাজার ৭৬৭ জন।
 
একসাথে বিপুল সংখ্যক শিক্ষকের পদ খালি থাকায় পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে দায়িত্বরত শিক্ষকদের। এতে ব্যাহত হচ্ছে পাঠদান, ব্যাঘাত ঘটছে শিক্ষা কার্যক্রমে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে শুন্যপদে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের উপর গুরুত্বারোপ করছেন শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিগণ।

সংশ্লিষ্টরা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রথম ধাপে আবেদনকারীদের লিখিত পরীক্ষা (এমসিকিউ) আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিতে ইতোমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে চিঠি প্রেরণ করা হয়েছে। প্রথমে ২৪ নভেম্বর নিয়োগ পরীক্ষা নেয়ার কথা থাকলে চলতি মাসের ৮ নভেম্বর সেই তারিখ পিছিয়ে ১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ঐদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। এদিকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত ভাইভা নেওয়ার পর ৩১ জানুয়ারির মধ্যে এ ধাপের প্রার্থীদের নিয়োগ দিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কাজ চালিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
 
সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, অবসরজনিত কারণে প্রতিমাসেই সহকারী শিক্ষকের পদ শুন্য হয়ে থাকে। তবে জুলাই থেকে নতুন শিক্ষক নিয়োগ না হওয়ায় শুন্যপদ আরো বেড়েছে। আগামী ১ ডিসেম্বর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিতে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি।

আক্ষেপ ঘুচলো শফিক চৌধুরীর

0

জুবেল আহমেদ, ওসমানীনগর

সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী এবং যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর দ্বন্দ্ব নিয়ে আফসোসের অন্ত ছিল না সিলেট-২ আসনের আওয়ামী পরিবারে।

তাদের দ্বন্দ্বের কারণে ক্ষমতাসীন আওয়ামীলীগ এ আসনটিতে দুইবার দলীয় প্রার্থী দিতে পারেনি।

সরকারে আওয়ামী লীগ থাকলেও বিগত দুই মেয়াদে বিরোধী হিসেবেই এ আসনে আওয়ামী লীগের অবস্থান। সিলেট-২ আসনে ভোটের মাঠে শক্তিশালী অবস্থানে থাকা ইলিয়াস পরিবারের কেউ প্রার্থী না থাকায় বিগত দুই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দিলেই জয়ী হতো আওয়ামী লীগ। কিন্তু দুইবারই শরিক দল জাতীয় পার্টিকে ছাড় দিতে হয়েছে এই আসন। যার খেসারত দিতে হচ্ছে দলীয় নেতাকর্মীদের। আসনটিতে একসময় আওয়ামীলীগের শক্ত অবস্থান থাকলেও জোটকে ছেড়ে দেওয়ায় সেটা এখন আর নেই।

তবে এবার ত্যাগের পুরস্কার পাচ্ছেন এমপি পদটি শরীক দলকে বিসর্জন দেওয়া শফিকুর রহমান চৌধুরী। দ্বাদশ সংসদ নির্বাচনে এসে আক্ষেপ ঘুচেছে তার।

এবারে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।

এতে করে এ আসনের নেতাকর্মীদের মনে বইছে আনন্দের জোয়ার।  ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে শফিকুর রহমান চৌধুরী বিএনপি’র তুখোড় নেতা এম ইলিয়াস আলীকে পরাজিত করে জয়লাভ করেন। এই জয়ের পর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। ২৪ ঘন্টার রাজনীতিবিদ হিসেবেও পান খ্যাতি।

এদিকে, দলীয় মনোনয়ন লাভের পর তিনি সোমবার (২৭ নভেম্বর) বিমানযোগে দুপুর দেড় টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানা গেছে। সিলেটে পৌঁছে প্রথমে হযরত শাহজালাল (রঃ) মাজার জিয়ারত করবেন। সেখান থেকে ওসমানীনগরে যাবেন তিনি। ওসমানীনগরবাসী ও দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাত শেষে ফেরার পথে বিশ্বনাথবাসী ও দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাত করবেন শফিকুর রহমান চৌধুরী।

বিয়ানীবাজার মানবসেবা সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

0

বিয়ানীবাজার প্রতিনিধি :

বিয়ানীবাজার মানবসেবা সংস্থার পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার দিনব্যাপী বিয়ানীবাজারের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিয়ানীবাজার মানবসেবা সংস্থার পক্ষ থেকে উপজেলার ৯ নং মোল্লাপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়নবাসীর দরিদ্র, অসহায় রোগীদের চিকিৎসা সেবা প্রদানে ফ্রি মেডিকেল ক্যাম্পিইন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়াও ফ্রী ব্লাড গ্রুপিং, জরুরী চেকআপ ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় চার শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

পরবর্তীতে সংস্থার সভাপতি এনাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য লুৎফুর রহমান,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি এম এ মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদিক আহমদ,  দেলোয়ার হোসেন, মোল্লাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খন্দকার আহমদ, আব্দুল ওয়াহাব, সংস্থার সিনিয়র সদস্য ও ব্লাড ফাইটার্স অর্গানাইজেশন বিয়ানীবাজারের সভাপতি দেব সৌরভ, সাংবাদিক এহসান খোকন, জসীম উদ্দীন প্রমুখ।

অতিথিরা বলেন বিয়ানীবাজার মানবসেবা সংস্থাটি সূচনা লগ্ন থেকেই মানবসেবামূলক কাজে,সমাজ উন্নয়নমূলক কাজে  বিয়ানীবাজারের বিভিন্ন দুর্যোগে সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রেখে আসছে।

তারই ধারাবাহিকতায় আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প করছে উপজেলার মোল্লাপুর ইউনিয়নে। সংগঠনটি সিলেট বিভাগীয়ভাবে বিভাগীয় শ্রেষ্ঠদের মধ্যে অন্যতম হিসেবে মানবাধিকার অ্যাওয়ার্ড লাভ করেছে।
এসময় তারা সংগঠনটির সাফল্য কামনা করেন।