Home Blog Page 25

সিলেটে পাহাড়ি ঢল ও বন্যার শঙ্কা, ২৮ এপ্রিলের মধ্যে ধান কাটার পরামর্শ

0

আধুনিক ডেস্ক ::

সিলেট বিভাগের হাওর এলাকায় অকাল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের মেঘালয় ও বাংলাদেশের সিলেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। উদ্ভূত পরিস্থিতিতে হাওরের কৃষকদের আগামী ২৮ এপ্রিলের মধ্যে জমির পাকা ধান কেটে ফেলার পরামর্শ দেয়া হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পূর্বাভাসে মোস্তফা কামাল পলাশ এসব তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পর্বত এলাকা, বিশেষ করে চেরাপুঞ্জি অঞ্চল এবং বাংলাদেশের সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপর প্রায় প্রতিদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, টানা এই বৃষ্টির ফলে সিলেট বিভাগের নদ-নদীগুলোতে উজান থেকে আসা পাহাড়ি ঢল নামতে পারে। এতে হাওর অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার আশঙ্কা তৈরি হতে পারে।

হাওর এলাকার কৃষকদের প্রতি বিশেষ পরামর্শ দিয়ে এই গবেষক বলেন, জমিতে থাকা পাকা ধান আগামী ২৮ এপ্রিলের মধ্যে কেটে ফেলার চেষ্টা করুন। কারণ, ২৮ এপ্রিলের পর হাওর এলাকার বিলগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সাধারণত এপ্রিলের শেষ ও মে মাসের শুরুতে মেঘালয়ে অতিবৃষ্টির কারণে ঢল নেমে বাংলাদেশের হাওরের বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়।

রাজশাহীর কলেজে নারী শিক্ষককে লাঞ্ছনা, অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

0

আধুনিক ডেস্ক ::
রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজে অধ্যক্ষ ও নারী শিক্ষককে (প্রদর্শক) মারধর ও কার্যালয় ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা নারী প্রদর্শককে মারধর করে চুল ধরে বাইরে টেনে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার কলেজের স্নাতক (ডিগ্রি) পরীক্ষার সময় ১৪৪ ধারা ভঙ্গ করে হামলাকারীরা কলেজ প্রাঙ্গণে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা এই হামলার সঙ্গে জড়িত। কলেজের নারী প্রদর্শক আলিয়া খাতুনকে (হীরা) স্যান্ডেল দিয়ে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। হামলায় আহত অধ্যক্ষ আবদুর রাজ্জাক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর প্রদর্শক আলিয়া খাতুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দাওকান্দি সরকারি কলেজ দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নে অবস্থিত। বৃহস্পতিবার ওই কলেজে স্নাতক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। বেলা দুইটা থেকে মার্কেটিং ও ইসলামিক স্টাডিজ বিষয়ের পরীক্ষা ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় একজন মৎস্য ব্যবসায়ী বিএনপির কর্মী শাহাদত আলী প্রদর্শক আলিয়া খাতুনকে স্যান্ডেল দিয়ে পিটিয়েছেন। শাহাদত আলীর ছেলে লিটন ও কর্মচারী মাহবুর কলেজের অধ্যক্ষ ও প্রদর্শক আলিয়া খাতুনের ওপর হামলা চালান। হামলায় নেতৃত্ব দিয়েছেন জয়নগর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এজদার, জয়নগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন, ব্যবসায়ী আফাজ উদ্দিন প্রমুখ।

জানা গেছে, এলাকায় তাফসির মাহফিলের আয়োজন উপলক্ষে সাবেক পুলিশ সদস্য আবদুস সামাদের নেতৃত্বে কয়েকজন বিএনপি নেতা কলেজে আসেন। তারা অধ্যক্ষের সঙ্গে কথা বলার সময় আলিয়া খাতুন ভিডিও করছিলেন। জয়নগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন প্রদর্শক আলিয়া খাতুনের মুঠোফোন কেড়ে নিতে বলেন। আফাজ উদ্দিন তার মুঠোফোন কেড়ে নিতে যান। তখন আলিয়া তাঁকে থাপ্পড় মারেন। এ নিয়ে তর্কাতর্কি হয়। মুঠোফোন কেড়ে নেওয়ার পর আলিয়া খাতুন নিচে এসে আফাজ উদ্দিনকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

এদিকে একই সময়ে কলেজের পুকুরের ইজারাদার মৎস্য ব্যবসায়ী ও বিএনপির কর্মী শাহাদাত আলী অধ্যক্ষের সঙ্গে কথা বলতে আসেন। তার বিরুদ্ধে কলেজের পুকুর ইজারা নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ আছে। শাহাদত আলীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহাদত আলীকে থাপ্পড় মারেন আলিয়া খাতুন। তখন শাহাদত আলী পা থেকে স্যান্ডেল খুলে আলিয়া খাতুনকে পেটাতে থাকেন। এই খবর পেয়ে শাহাদত আলীর ছেলে লিটন ও কর্মচারী মাহাবুর গিয়ে অধ্যক্ষ এবং আলিয়ার ওপরে হামলা চালান।

কলেজের শিক্ষকেরা জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ আসে। পুলিশ সবাইকে বের করে দিয়ে পরিস্থিতি শান্ত করে। বেলা পৌনে একটার দিকে কলেজ থেকে সবাই বেরিয়ে যান। বেলা দুইটায় পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর পরে বিএনপির ৪০-৫০ জন নেতা-কর্মী কলেজের ভেতরে ঢোকেন। তাঁরা কলেজের অধ্যক্ষের কার্যালয়ে ঢুকে অধ্যক্ষ আবদুর রাজ্জাক ও আলিয়া বেগমকে ব্যাপক মারধর করেন। কলেজে কার্যালয় ভাঙচুর করেন। অধ্যক্ষের কক্ষে সাজানো ক্রেস্টসহ অন্যান্য উপহারসামগ্রী ভেঙে ফেলেন। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে শাহাদত আলী বলেন, আওয়ামী লীগের আমলে তার টাকাপয়সা পরিশোধ আছে। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সব এলোমেলো থাকার কারণে টাকা দেওয়া হয়নি। তিনি ওই টাকার হিসাব–নিকাশ করার জন্যই কলেজে এসেছিলেন। তার আগেই তাফসির মাহফিলের চিঠি দিতে যাওয়া লোকজনের সঙ্গে প্রদর্শক আলিয়া খাতুন দুর্ব্যবহার করেছেন এবং একজনকে চড়ও দিয়েছেন। এই পরিস্থিতি মধ্যে তিনি অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে বলেন যে ‘এই পরিস্থিতির মধ্যে কথা বলার পরিবেশ নাই । আমি না হয় পরের একদিন আসি।’

শাহাদত আলী বলেন, অধ্যক্ষ মহোদয় বিষয়টি আন্তরিকভাবে নিলেন কিন্তু পাশ থেকে আলিয়া বলে ওঠেন, ‘তুই ওদের সঙ্গে করে নিয়ে এসেছিস, তুই কিসের বিএনপি নেতা? শাহাদত আলীর দাবি, এ কথা বলার পরই আলিয়া তার গালে একটা থাপ্পড় মারেন। তখন তিনি পা থেকে স্যান্ডেল খুলে তাকে মেরেছেন। এরপর চলে এসেছেন।

অপর পক্ষে আলিয়ার দাবি হচ্ছে, হামলাকারীরা অধ্যক্ষের ওপরে হামলা চালাচ্ছিল, অধ্যক্ষ স্যারের মাথা ফাটিয়ে দিয়েছে। এ অবস্থায় তিনি ভিডিও করছিলেন। তারা ভিডিও করতে দেবে না, এ জন্য তার ওপরে হামলা করে তাকে স্যান্ডেল দিয়ে মারপিট করে এবং তার মুঠোফোনটা কেড়ে নিয়ে ভেঙে ফেলে। তিনি আর ফোন পাচ্ছেন না। আর অধ্যক্ষ স্যারের মুঠোফোনটি হামলাকারীরা ভেঙে পুড়িয়ে দিয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) পঞ্চনন্দ সরকার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি।
এদিকে এ ঘটনায় জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংরক্ষিত আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

0

আধুনিক ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই তথ্য জানানো হয়। এর আগে সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মনোনীত প্রার্থীরা হলেন—সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিন খান, মাহমুদা হাবিবা, মোছা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ,সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হোসাইন, মোছা. সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোছা. সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পোশাক ও পাটের ব্যাগ দেবে সরকার

0

জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পোশাক ও পাটের ব্যাগ দেবে সরকার

পরিবেশের দূষণ রোধে আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুলের পোশাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্কুলে পাটের ব্যাগ বিতরণ কার্যক্রম সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বৈঠকের পরে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তিন মন্ত্রণালয় যথাক্রমে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই বৈঠক হয়েছে। বৈঠকে প্রতিটি উপজেলায় দুইটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ প্রদানের সিদ্ধান্ত হয়েছে। একটি পরীক্ষামূলক প্রকল্প দিয়ে এই কার্যক্রম শুরু করা হবে। পাটশিল্পকে রক্ষা এবং পরিবেশকে দূষণের হাত থেকে মুক্ত করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি বলেন, জুলাই থেকে প্রতিটি উপজেলায় দুইটি করে স্কুলে এই কর্মসূচি শুরু হবে। এই পাইলট প্রকল্পের স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন। প্রথম মাসে এক লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে পাটের স্কুল ব্যাগ ও ড্রেস দেওয়া হবে। সরকারের এই কার্যক্রমে প্রথম ধাপে প্রতি উপজেলার ২টি স্কুল পাবে। পর্যায়ক্রমে সব প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা এই সুবিধা পাবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য ব্যবহরে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাহদি। এর মাধ্যমে দেশীয় শিল্পকে উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সমতা ও ন্যায্যতার বার্তা পৌঁছে দেওয়া হবে বলে ভাবছে সরকার। এই উদ্যোগ ধনী-দরিদ্র বৈষম্য কমাতে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

মণিপুরের ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা

0

আধুনিক ডেস্ক ::

ভারতের মণিপুর রাজ্যে উৎপত্তি হওয়া ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা। মঙ্গলবার সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সূত্র জানিয়েছেন, আজ সকাল ৬টা ২৯ মিনিট ৩৬ সেকেন্ডে এ ভূমিকম্প সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্য। ঢাকা থেকে এর দূরত্ব ছিল ৪৩৬ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. রুবাঈয়াৎ কবীর গণমাধ্যমকে বলেন, ‘এটি মাঝারি মাত্রার ভূমিকম্প ছিল। ঢাকা থেকে এর উৎপত্তিস্থল অনেকটাই দূরে। এতে শঙ্কিত হওয়ার কিছু হয়নি। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলেও আমাদের কাছে খবর নেই।’

ভূমিকম্পপ্রবণ তিনটি প্লেটের সংযোগস্থলে আছে বাংলাদেশ। তাই এ দেশে যে ভূমিকম্প মাঝেমধ্যে হবে, সেটাকে স্বাভাবিক বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তবে আশঙ্কার বিষয় হলো, সম্প্রতি দেশের মধ্যে ভূমিকম্পের উৎপত্তির প্রবণতা বেড়েছে। বিশেষ করে ভূমিকম্পের কম ঝুঁকির অঞ্চল হিসেবে পরিচিত দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ভূমিকম্প বেড়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত হওয়া ভূমিকম্পগুলোর তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, ২০২৫ সালের মধ্য ফেব্রুয়ারি থেকে গতকাল পর্যন্ত দেশের অভ্যন্তরে এবং সীমান্ত–সংলগ্ন এলাকায় ৩২টি ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বৃহত্তর সিলেট এলাকায়—১০টি। এসব ভূমিকম্পের উৎপত্তি ডাউকি চ্যুতির কাছাকাছি এলাকায়।

কমলগঞ্জে মোরগ বোঝাই ট্রাক দুর্ঘটনায় আহত ২ জন, আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি

0

কমলগঞ্জ প্রতিনিধিঃ

কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী সংলগ্ন এলাকায় মোরগ বোঝাই একটি ট্রাক দুর্ঘটনা কবলিত হয়েছে। এ ঘটনায় মোবারক হোসেন (৩৭) ও সানি আহমেদ (২৬) নামের দুইজন মোরগ সরবরাহকারী আহত হয়েছেন এবং আড়াই লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টায় এ ঘটনায় ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলার ভৈরব মেঘনাঘাট এলাকায় সোহেল মিয়ার জিদান বয়লার হাউজ থেকে সিলেটের বিয়ানীবাজারের উদ্দেশ্যে ৯শত ৫০টি লেয়ার মোরগ নিয়ে একটি ট্রাক রোববার রাতে রওয়ানা দেয়। ভোর ৬ টায় গাড়িটি কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার অতিক্রমকালে চালকের চোখে ঘুমভাবের কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিআরটিসি বাসের পেছনে ধাক্কা দিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে ট্রাকটিতে থাকা জিদান বয়লার হাউজের ৩৫০টি মোরগ মারা যায় এবং প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়।

দুর্ঘটনায় আহত মোবারক হোসেন ও সানি আহমেদ ভৈরব উপজেলার চন্দিবেথ দক্ষিণ পাড়া এলাকার বাচ্চু মিয়া ও হেলাল মিয়ার ছেলে। স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মোরগ সরবরাহকারী মোবারক হোসেন জানান, দুর্ঘটনার পরপরই কিছু স্থানীয় ব্যক্তিরা ট্রাক থেকে অনেক মোরগ লুটপাট করে নিয়ে যায়, ফলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।

খবর পেয়ে কমলগঞ্জ থানার এএসআই আলামিন মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এএসআই আলামিন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শান্তিগঞ্জে হামের টিকার আওতায় আসবে ২১ হাজার ৬৯৯ শিশু

0
Shantiganj, Sunamganj Measles Vaccine Picture

শান্তিগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সেই সাথে সফলভাবে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।

পরে সকাল সাড়ে ১১টায় শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালের সম্মেলন কক্ষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান’র সভাপতিত্বে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসানের সঞ্চালনায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল ভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আনছার উদ্দিন।

সভায় আরও বক্তব্য দেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ অলি উল্লাহ, শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তারিক জামিল অপু।

সভায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে সার্বিক প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। ২০ এপ্রিল থেকে আগামী ১০মার্চ পর্যন্ত উপজেলার ২১ হাজার ৬৯৯ জন শিশুকে টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে।

গোলাপগঞ্জে ট্রাক উল্টে শ্রমিক নিহত

0

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক খাদে পড়ে ইটের নিচে চাপা পড়ে সাকির আহমদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়ক এর ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সাকির আহমদ ফুলবাড়ি ইউনিয়নের এওলাটিকর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে একটি ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা সাকির আহমদ ইটের নিচে চাপা পড়েন এবং গুরুতরভাবে আহত হন। একই ঘটনায় ট্রাকের চালকও আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকির আহমদকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম।

সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম ঘোষণা বিএনপির

0

আধুনিক ডেস্ক ::

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বিএনপির প্রেস উইং সূত্রে এসব নাম জানা গেছে। তালিকায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহেনা আক্তার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম, বিএনপি সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা, বিএনপির কেন্দ্রীয় নেতা নেওয়াজ হালিমা আরলী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, মায়ের ডাক-এর সমন্বয়ক সানজিদা ইসলাম, সহস্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ, প্রয়াত শফিউল বারীর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন, জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তারসহ অনেকে।

১৭ এপ্রিল সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করে বিএনপি। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। মনোনয়ন পেতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাত শতাধিক আবেদন জমা পড়ে।

আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ৬ জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে ১টি সংরক্ষিত আসন পাবে।

শাবির উপাচার্যের সাথে চীনা রবীন্দ্র বিশেষজ্ঞ দং ইউ ছেনের সৌজন্য সাক্ষাৎ‎

0

শাবি প্রতিনিধি‎‎:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুলের অধ্যাপক ও রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপক দং ইউ ছেন।‎‎

রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।‎

সাক্ষাৎকালে পারস্পরিক একাডেমিক সহযোগিতা, সংস্কৃতি বিনিময় এবং গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।‎‎

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মনিরুল ইসলাম, কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রভাষক লিউ জিয়ান ফিওনা এবং শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল।‎