জৈন্তাপুর প্রতিনিধিঃ-
ঈদুল আজহার আনন্দকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তুলতে জৈন্তাপুরের ফেরিঘাট ক্যাপ্টেন রশিদ মাঠে আয়োজিত হতে যাচ্ছে একটি প্রীতি ফুটবল ম্যাচ।
শুক্রবার, (১৩ জুন) বিকাল ৩টা থেকে ক্যাপ্টেন রশিদ মাঠে অনুষ্ঠিত হবে এই আকর্ষণীয় খেলা, যেখানে মুখোমুখি হবে দেশের নাম করা খেলোয়াড়দের নিয়ে দুটি ক্লাব দি জৈন্তা ফুটবল একাডেমি বনাম সবুজ সংঘ ফুটবল একাডেমি, গোলাপগঞ্জ।

আয়োজক সূত্রে জানা গেছে, ঈদ পুনর্মিলনী উপলক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনকে সুদৃঢ় করতে। খেলাটি উপভোগ করতে এলাকার ক্রীড়ামোদী দর্শকদের আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, প্রীতি ম্যাচটি খেলোয়াড়দের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করবে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করবে।
এ বিষয়ে দি জৈন্তা ফুটবল একাডেমির কোচ এনাম আহমদ বলেন, “আমরা এমন আয়োজন করতে পেরে গর্বিত। এটি শুধু একটি খেলা নয়, বরং একটি মিলনমেলা যেখানে ক্রীড়ার মাধ্যমে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি।”এদিকে সবুজ সংঘ ফুটবল একাডেমির পক্ষ থেকেও ম্যাচটি ঘিরে ব্যাপক প্রস্তুতির কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, খেলাটি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য স্থানীয় প্রাক্তন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হবে বলেও আয়োজকরা জানিয়েছেন।


