নাজিম উদ্দিন, লাখাই :
হবিগঞ্জের লাখাই উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ এবং চোখের অপারেশন ও লেন্স সংযোজনের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসংখ্য চোখের রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।
বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল, মৌলভীবাজারের আয়োজনে এবং লাখাই উন্নয়ন ফোরামের তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা
কর্মসূচিতে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে চশমা প্রদান এবং পরবর্তীতে চোখের অপারেশন ও লেন্স সংযোজনের ব্যবস্থা গ্রহন করা হয়।
এ কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন অধ্যক্ষ কাজী মহসিন আহমদ, সভাপতি, হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই উন্নয়ন ফোরাম।
বিনামূল্যে এ ধরনের চিকিৎসাসেবা পেয়ে উপকৃত ও আনন্দিত সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, প্রত্যন্ত অঞ্চলের অনেক অসচ্ছল মানুষের পক্ষে অর্থাভাবে চোখের চিকিৎসা করানো সম্ভব হয় না। এ ধরনের উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে।
মানবিক এ উদ্যোগের মাধ্যমে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ায় আয়োজক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেবাগ্রহীতারা। তারা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।


