★হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে নির্মিত হবে ১১টি সেতু
★যোগাযোগ ব্যবস্থায় ঘটবে বৈপ্লবিক পরিবর্তন
★আর্থসামাজিক উন্নয়নের নতুন দিগন্ত
আধুনিক ডেস্ক:
প্রকৃতির অনবদ্য সৌন্দর্য্যে সমৃদ্ধ সিলেট-৪ আসন। গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত,এ আসনটি মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই অঞ্চলের প্রতিটি গ্রামেই নদী, ঝর্ণা, জলাবন ও সবুজের অপূর্ব মেলবন্ধনে বৈচিত্র্য ঘেরা। তারপরও যোগাযোগ ব্যবস্থা নিয়ে এ অঞ্চলের মানুষের দু:খ গাঁথা অকল্পনীয়। কিন্তু দিন পাল্টায়। বলতে গেলে, এমন পাল্টেছে একেবারে উন্নয়ন বরাদ্দের নতুন এক ইতিহাস গড়েছে। সেই ইতিহাসের নায়ক হলেন স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উন্নয়নের বরপূত্র খ্যাত আরিফের আন্তরিক প্রচেষ্টায় প্রায় ৯৯৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে সিলেট-৪ আসনের তিনটি উপজেলা। এতে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা কালিমা কাটিয়ে খুলেছে নতুন সম্ভাবনার দ্বার।
আজ বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয় প্রায় হাজার কোটির ওই প্রকল্পগুলো। অনুমোদনের মধ্যে দিয়ে ইতিহাসে এই প্রথম বৃহৎ উন্নয়ন বরাদ্দের অংশিদার হলো সিলেট ৪ আসনের মাটি ও মানুষ।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ এবং সেতু নির্মাণ। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে তিন উপজেলার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টদের তথ্যমতে, ‘সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে’ মোট বরাদ্দ রাখা হয়েছে ৫ হাজার ১০৬ কোটি টাকা। এর মধ্যে সিলেট-৪ আসনের তিন উপজেলায় বরাদ্দ রয়েছে ৪২৩ কোটি ১০ লাখ টাকা। এ প্রকল্পে গোয়াইনঘাটে ১৩৯ কোটি ৫০ লাখ, কোম্পানীগঞ্জে ১৫০ কোটি ৭৫ লাখ এবং জৈন্তাপুরে ১৩২ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ ছাড়া ‘জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পে’ বরাদ্দ রয়েছে ৫২০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে তিন উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোর যোগাযোগ সক্ষমতা বাড়বে এবং আরও সহজ হবে স্থানীয় মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন ।
অন্যদিকে, ‘সিলেট জেলাধীন গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পে’ আরও ৫০ কোটি টাকার ডিপিপি জারি হয়েছে। সড়ক যোগাযোগ উন্নয়নের পাশাপাশি সেতু নির্মাণেও রয়েছে বিশেষ উদ্যোগ। ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে সেতু নির্মাণ প্রকল্পের’ আওতায় গোয়াইনঘাট উপজেলায় ৮টি এবং কোম্পানীগঞ্জ উপজেলায় ৩টি সেতু নির্মাণের অনুমোদন রয়েছে। অর্থাৎ এ দুই উপজেলায় নির্মিত হবে মোট ১১টি সেতু।
সব মিলিয়ে উল্লেখিত তিনটি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সিলেট-৪ আসনের জন্য বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯৩ কোটি ১০ লাখ টাকা। এর বাইরে সেতু নির্মাণ প্রকল্পের আর্থিক বরাদ্দের পরিমাণ পৃথকভাবে উল্লেখ করা হয়নি।
স্থানীয় সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর উদ্যোগ ও প্রচেষ্টায় এসব উন্নয়ন প্রকল্প অনুমোদনে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে পর্যটন, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও গ্রামীণ অর্থনীতির বিকাশে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
দীর্ঘদিন ধরে সড়ক যোগাযোগ, সেতু ও গ্রামীণ অবকাঠামোর সীমাবদ্ধতায় ভুগতে থাকা তিন উপজেলার মানুষের জন্য এই বরাদ্দকে বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে সিলেট-৪ আসনের যোগাযোগ ব্যবস্থা ও সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।


