শাবিপ্রবি প্রতিনিধি:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সেন্টার অব এক্সিলেন্স’র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলোজি (এফইটি) বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।
সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সই করা এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে।
অফিস আদেশে বলা হয়, শাবিপ্রবির রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিমকে ‘সেন্টার অব এক্সিলেন্স’র পরিচালক পদ হতে অব্যাহতি প্রদান পূর্বক ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলোজি (এফইটি) বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হককে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ‘সেন্টার অব এক্সিলেন্স’র পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে অফিস আদেশে বলা হয়।
নতুন দায়িত্ব পেয়ে অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটির সঠিক মূল্যায়ন ও সেন্টার অব এক্সিলেন্সের উন্নয়নে কাজ করে যাব। এজন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীর সহযোগীতা কামনা করছি।


