বাহুবল প্রতিনিধি ::
হবিগঞ্জের বাহুবলে চুরি-ডাকাতির ১৬ মামলার এক আসামিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার নোয়াগাঁও এলাকার একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জামাল মিয়া (৩৫) নোয়াগাঁও গ্রামের আবদুর রহমানের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিবলু মিয়া (১৯) নামের এক তরুণকে আটক করা হয়েছে। আটক শিবলু একই গ্রামের রেনু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নোয়াগাঁওয়ের একটি ধানখেতে জামালের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে বাহুবল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামালের সঙ্গে একটি পক্ষের পুরোনো বিরোধ ছিল। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান, নিহতের বিরুদ্ধে বাহুবল থানাতেই ডাকাতি, দস্যুতা ও চুরির অভিযোগে ১৬টি মামলা রয়েছে। দেশের অন্যান্য থানাতেও তার বিরুদ্ধে মামলা থাকতে পারে।
তদন্তের প্রাথমিক তথ্যের বরাত দিয়ে ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় প্রতিপক্ষের লোকজন জামালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ধানখেতে ফেলে যায়।
নিহতের স্ত্রী জানান, ভোররাতে দুই-তিনজন লোক ফোনে ডেকে আমার স্বামীকে বাড়ি থেকে নিয়ে যায়। সকালে আমরা বাড়ির পাশের ধানখেতে তার লাশ পড়ে থাকার খবর পাই।


