আধুনিক রিপোর্ট ::
সিলেট-সুনামগঞ্জের পাথর কোয়ারি বিষয়ে কমিটি করে দিল সরকার। বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় পাথর কোয়ারি খুলে দেওয়ার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিতে ওই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ওেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই পাথরর কোয়ারির ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, পাথর কোয়ারির বিষয়ে একটি সার্ভে রিপোর্ট তৈরির জন্য সিলেটের বিভাগীয় কমিশনারকে আহবায়ক করে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে থাকছেন সিলেট এবং সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক, দুই জেলার পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তর প্রতিনিধি, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিশেষজ্ঞ হিসেবে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একজন পরিচালক।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ওই কমিটি স্পটগুলো পরিদর্শন করে সীমান্তবর্তী নদীগুলোতে যেখানে পাথর এবং বালি জমা হয়েছে সেগুলো পরীক্ষা করবে। আর যেসব এলাকায় নদী ভাঙনের ফলে আমাদের সীমান্ত পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা পরীক্ষা করবে। পরীক্ষা-নিরীক্ষার পর কী পরিমাণে কত গভীরতায় এই পাথর উত্তোলন করলে পরিবেশের ক্ষতি হবে না সে ব্যাপারে পরামর্শ দেবে।
পাথর কোয়ারি খুলে দেওয়ার ক্ষেত্রে যে সকল আইনি জটিলতা রয়েছে সেগুলো নিরসনেও ওই কমিটি কাজ করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাদাপাথর-বিছনাকান্দির মতো স্পটগুলোতে কী করে আরও পর্যটক আকর্ষণ করা যায় সে ব্যাপারেও পরামর্শ দেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আশা করেন এ মাসের শেষেই হয়তো কমিটি তাদের রিপোর্ট দিতে পারবে। রিপোর্ট পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
