শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মানবাধিকার বিষয়ে সচেতন করে তুলতে তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে ‘জাতীয় মানবাধিকার অলিম্পিয়াডের দ্বিতীয় আঞ্চলিক পর্ব’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) আয়োজনে এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহযোগিতায় অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হয়।
এ সময় পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। কেন্দ্র পরিদর্শনউপস্থিত ছিলেন এইচআরএসএস-এর ফ্যাক্ট-ফাইন্ডিং অফিসার আব্দুল্লাহ আল বুখারী, বিভাগীয় সমন্বয়ক আব্দুল্লাহ আল মাসুদ, জেলা সমন্বয়ক শর্মিলা সিদ্দিকা মিলা, খুলনা বিভাগের সমন্বয়ক নাজমুল হুদা এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল।
এইচআরএসএস-এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, “মানবাধিকার বিষয়ে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই অলিম্পিয়াড শিক্ষার্থীদের মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে।”
নাজমুল হুদা জানান, “আমাদের প্রথম পর্বটি গত বছরের এই সময়েই অনুষ্ঠিত হয়। এতে সারা বাংলাদেশের প্রায় সাড়ে সাত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এবারেও সিলেট অঞ্চলের পাশাপাশি একই দিনে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের আরও চারটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।”
তিনি আরও বলেন, “এবার প্রায় ১২০০ শিক্ষার্থী অংশ নিয়েছে। আগামী সপ্তাহে ফলাফল প্রকাশ করতে পারবো বলে আমরা মনে করছি।”
পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন ‘এ’ থেকে গোল চত্বর পর্যন্ত একটি র্যালি বের হয়। এতে শিক্ষার্থী ও মানবাধিকার কর্মীরা মানবাধিকার সুরক্ষার বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন।
