আধুনিক ডেস্ক ::
সিলেট নগরের তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। তারা একে অপরের মামাতো এবং ফুফাতো ভাই। শনিবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিলেট নগরের মির্জাজাঙাল এলাকার বাসিন্দা ইমন দাস এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দাসের ছেলে দীপ্ত দাস। দীপ্ত দাস একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তালতলা শাখা জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে ওই মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় আনুমানিক ২২ থেকে ২৩ বছর বয়সী দুই তরুণ ঘটনাস্থলেই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
অপরদিকে, ওসমানী হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য এসআই আলাউদ্দিন জানান, ‘ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে হাসপাতালে নিয়ে এসেছে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানতে পারিনি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ থেকে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।’
