শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস) শাখার ১০ম কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।নবঘোষিত কমিটির সভাপতি অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রীশাওন দেবনাথ এবং সাধারণ সম্পাদক পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রী রবিন সরকার।
শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ বিল্ডিংয়ের এক্সটেনশন গ্যালারি রুমে আয়োজিত বিদ্যার্থীবরণ অনুষ্ঠানে ৮৩ সদস্যবিশিষ্ট নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি শ্রী দীপু রাম রায়, সাবেক সভাপতি শ্রী উৎপল রায়সহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা।
সদ্য সমাপ্ত ৯ম কার্যনির্বাহী কমিটির সভাপতি শ্রীমতি পান্না সরকার, নির্বাহী সভাপতি শ্রীমৃদুল রাজবংশী কৌশিক এবং সাধারণ সম্পাদক শ্রীটগর পাল নবগঠিত কমিটির প্রতি শুভকামনা ও প্রত্যাশা ব্যক্ত করেন।
সংগঠন সূত্রে জানা যায়, ২০১২ সালের পবিত্র দীপান্বিতা তিথিতে কয়েকজন উদ্যমী তরুণ এবং সনাতনী শিক্ষকবৃন্দের আন্তরিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় সনাতন বিদ্যার্থী সংসদ । প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের ঐক্য, সংস্কৃতি ও মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
