শাবি প্রতিনিধি ::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ পূর্বঘোষিত ২০ জানুয়ারি আয়োজনের অনুমতি প্রদান করেছে জাতীয় নির্বাচন কমিশন(ইসি)। কিন্তু তিনটি শর্তের নিশ্চয়তা প্রদান করতে হবে প্রার্থীদের, যা মানতে নারাজ প্রার্থীরা। এর আগে, সোমবার রাতে ৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক পত্রে শাকসু নির্বাচন স্থগিত করার নির্দেশ প্রদান করে। রাতে শিক্ষার্থীদের হাতে তা আসা মাত্রই উত্তপ্ত হয়ে উঠে ক্যাম্পাস।
রাতভর আলোচনায় সিদ্ধান্ত হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মঙ্গলবার দুপুরে আলোচনা করে বিকাল ৫ টার মাঝে শিক্ষার্থীদের ২০ জানুয়ারী নির্বাচনের নিশ্চয়তা প্রদার করবেন। নির্ধারিত সময়ে অফিসিয়াল ঘোষণা না আসায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রশাসনিক ভবন-১ এর সামনে অবস্থান নেওয়া শুরু করেন শিক্ষার্থীরা এবং আবু সাঈদ- মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, শাকসু মোদের অধিকার রুখে দেওয়ার সাধ্য কার, শাকসু নিয়ে তালবাহানা, চলবে না চলবে না সহ বিভিন্ন স্লোগান দেয়।
একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত ) অধ্যাপক ড. মো. সাজেদুল করিম আন্দোলনরত শিক্ষার্থীদের জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী জাতীয় নির্বাচন কমিশন (ইসি) সাথে আলোচনা করেছেন ও ২০ জানুয়ারি নির্বাচন আয়োজনে সিদ্ধান্ত গৃহীত হয়েছে । তবে নির্বাচনকালীন কোনো অকারেন্স হবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না, জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না এই তিনটি শর্তে অঙ্গীকারনামা প্রদান করতে হবে প্রার্থীদের।
আন্দোলনে উপস্থিত শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন এবং তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা নির্বাচন আয়োজনে সকল সহায়তা প্রদান করবেন উল্লেখ করে প্রশাসনকে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
