শাবিপ্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঘোষণা অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে প্রশাসনের ঘোষিত এ তারিখ প্রত্যাখান করে উপাচার্য, উপ-উপাচার্য,কোষাধ্যক্ষ , রেজিস্ট্রার ও নির্বাচন কমিশনকে অবরুদ্ধ করে প্রশাসনিক ভবন-১ এ তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, গতকাল উপাচার্য ও উপ-উপাচার্য প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচন হবে ৯ বা ১০ তারিখ। কিন্তু আজ ছাত্রদলের সাথে মিটিং করে শীতকালীন ছুটির মধ্যে তারিখ ঘোষণা করেছে প্রশাসন। তারা একটি পক্ষকে খুশি করে শাকসু নির্বাচন বানচালের আয়োজন করছে। আমরা এখানে অবস্থান নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত ১০ তারিখের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে ততক্ষণ আমরা উপাচার্য , উপ-উপাচার্য কে অবরুদ্ধ করে রাখবো।
তবে নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে উপাচার্য বলেন, আমরা দুই পক্ষের সাথে কথা বলে ১৭ ডিসেম্বর তারিখ ঘোষণা করছি। সব দিক বিবেচনা করে ১৭ ডিসেম্বর আমাদের জন্য উপযুক্ত সময়। আমরা আশা করছি সবাই শাকসু আয়োজনে সহযোগিতা করবে।


