আধুনিক রিপোর্ট ::
ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সিলেটে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ভাতিজা আকরাম আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আকরাম সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের ছোট ভাই এনাম আহমেদর ছেলে ও নগরের খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে ছড়ারপাড় এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ বলছে, সোমবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করায় আকরামকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সোমবার রাত আটটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় এ মশাল মিছিল করে ছাত্রলীগ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম। তিনি বলেন, `আকরাম আহমদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশ নিয়েছিলেন। ওই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে বদরউদ্দিন কামরানের ছেলে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমেদ শিপলুর অভিযোগ, পুলিশ তাদের বাড়িতে এসে তাকে এবং তার চাচা এনাম আহমদকে খুঁজছিল। তাদের না পেয়ে আকরামকে ধরে নিয়ে যায়।
আকরামের বাবা এনাম আহমদ বলেন, পুলিশ বাসায় আমার ভাতিজা ডা. আরমান আহমদ শিপলু ও আমাকে খুঁজত থাকে। পরে তারা আমার ভাতিজাকে না পেয়ে আমার ঘরে ডাকাডাকি করতে থাকে। এক পর্যায়ে স্কুল পড়ুয়া আমার ছোট ছেলে আকরাম দরজা খুলে দিলে পুলিশ তাকে কোনো কারণ ছাড়াই ধরে নিয়ে যায়।


