নবীগঞ্জ প্রতিনিধি ::
হবিগঞ্জের নবীগঞ্জে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় মুসল্লিকে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার দুপুরে র্যাব-৯ -এর একটি বিশেষ দল মাধবপুর উপজেলার বাঘাসুরা বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে রোসেল মিয়া নামের ওই যুবককে গ্রেপ্তার করে। রোসেল মিয়া নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে হত্যার ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম ইমরুল মিয়া (৪০) ওই গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে। র্যাব-৯ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, ২০২৫ সালের ২২ আগস্ট নবীগঞ্জের হাসানখালি এলাকায় একটি কালভার্টের নিচে জাবেদ মিয়া নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। সেই হত্যা মামলায় ভুক্তভোগী ইমরুল মিয়া মূল অভিযুক্ত ছিলেন। তিনি গত ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়ে ২ নভেম্বর জামিনে মুক্তি পান। এতে নিহত জাবেদের পরিবার ক্ষুব্ধ ছিল। শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় জাবেদের ভাই রোসেল মিয়া হঠাৎ ইমরুল মিয়ার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ইমরুলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


