কোম্পানিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে বিভিন্ন সরঞ্জাম ও যানবাহনের মালিকদের কাছ থেকে মোট ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার রাত থেকে সোমবার (২২সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত টাস্কফোর্সের এই যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিন মিয়া। অভিযানে সহযোগিতা করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রতন শেখ, তদন্ত কর্মকর্তা সুজন চন্দ্র কর্মকারসহ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ রেলওয়ে বাহিনী (আরএনবি)’র সদস্যরা।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নয়াগাঙ্গপারের মানিক মিয়ার ছেলে আলকাস মিয়া (২৬), আলেক রব্বানের ছেলে মোক্তার হোসেন (২৬), ইব্রাহিমের পুত্র আব্দুল খালিক (২৮)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পূর্বে আটককৃত দুইটি লিস্টার মেশিনের মালিকদের ১ লাখ টাকা, একটি পাথর বোঝাই ট্রাকের মালিককে ১ লাখ টাকা এবং তিনটি স্টিল নৌকার মালিকদের মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান, দণ্ডপ্রাপ্তদের মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হবে।
এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া বলেন, লীজ বহির্ভূত এলাকা ও ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
