আধুনিক ডেস্ক ::
অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ওঅস্ট্রেলিয়া । শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধানের প্রত্যাশায় দেশগুলো ফিলিস্তিনকে এই স্বীকৃতি দিয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) এ তিনটি দেশ পর্যায়ক্রমে এই ঘোষণা দেয়। তিন দেশের যৌথ ঘোষণায় বলা হয়েছে, দুই-রাষ্ট্র সমাধানের গতি পুনরুজ্জীবিত করার অংশ হিসেবেই এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দেন, যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলের বর্তমান সরকার পরিকল্পিতভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ধ্বংস করছে। পশ্চিম তীরে অবৈধভাবে দখলদারিত্ব বিস্তার করছে, আর গাজায় দীর্ঘদিন ধরে পরিচালিত হামলায় লাখো বেসামরিক নিহত, বাস্তুচ্যুত ও মানবসৃষ্ট দুর্ভিক্ষে ভুগছে।’
অস্ট্রেলিয়ার সরকারও এক বিবৃতিতে জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।


