আধুনিক ডেস্ক ::
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা অবশেষে শেষ হলো। ভোট গুনতে লাগল ৪০ ঘণ্টারও বেশি সময়। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা আড়াইটার পরে সব হলের ভোট গণনা শেষ হয়। সবগুলো ভোট যোগ করে তা আবার যাচাই করে ফলপ্রকাশ হবে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত। ওই দিন রাত সোয়া ১০টায় শুরু হয় গণনা। আর শনিবার বেলা আড়াইটার পরে শেষ হলো ভোট গণনা। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা করা হয়। ভোট গণনা শেষ হওয়ার সময়সীমা ও নির্বাচনের ফলাফল প্রকাশ নিয়ে একেকবার একেক প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, গতকাল শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করতে পারবেন তারা। তার আগে তিনি শুক্রবার দুপুরে ফলাফল প্রকাশ করতে পারবেন বলে জানান। সর্বশেষ নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী জানান, শনিবার বেলা একটার মধ্যে ভোট গণনা শেষ হবে। সন্ধ্যা সাতটার মধ্যে ভোট গণনা শেষ করে, ফল প্রস্তুত করে ঘোষণা করতে পারবেন বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
