নবীগঞ্জ প্রতিনিধি ::
হবিগঞ্জের নবীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছেন ৪টি গ্রামের বাসিন্দারা। উপজেলার জামারগাঁও এলাকায় রাধাপুর সড়কে চার গ্রামের এ সংঘর্ষে সাব্বির হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার টার দিকে উপজেলার রাধাপুর, দীঘলবাক, কাকুড়া ও করিমপুর গ্রামের বাসিন্দারা এ সংঘর্ষে জড়ান। সংঘর্ষে নিহত সাব্বির হোসেন রাঁধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে দুই সিএনজি অটোরিকশাচালকের মধ্যে বাগবিতণ্ডা ও পূর্ব বিরোধের জের ধরে রাধাপুর ও দীঘলবাক গ্রামের লোকজনের সঙ্গে কাকুড়া ও করিমপুর গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে পাল্টাপাল্টি অবস্থান নেয় উভয় পক্ষ। মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের হামলায় সাব্বির হোসেন নিহত হন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়।
সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।