সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে এ বিষয়ে দিল্লি থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা এ তথ্য জানান তিনি। শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এর নতুন কোনো তথ্য নেই। বিচারের সম্মুখীন করতে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। ভারত থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি। বাংলাদেশ অপেক্ষা করছে।
তিনি বলেন, ইতোমধ্যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। কেউ আসুক আর না আসুক, তার জন্য তো বিচার আটকে থাকে না।
শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক কোনো সহযোগিতা নেওয়া হবে কি না– উত্তরে উপদেষ্টা বলেন, সরকার প্রয়োজন মনে করলে সহযোগিতা নিতে পারে। তবে এ মুহূর্তে কোনো প্রয়োজন দেখছি না।
ভারতের ‘পুশইন’ নিয়ে বাংলাদেশের নীতি জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, পুশইন নিয়ে কোনো নীতি নেই। ভারতে কোনো বাংলাদেশি অবৈধভাবে বসবাস করে, তাহলে তাকে তারা (ভারত) আটক করতে পারে। বিষয়টি আমাদের জানাবে, বাংলাদেশ তার নাগরিকত্ব নিশ্চিত করবে এবং ফেরত পাঠাবে। পুশইন হচ্ছে এ ব্যবস্থার একটি ব্যত্যয় এবং এ নিয়ে আমরা আপত্তি জানিয়েছি।
তিনি বলেন, ভারতকে বলেছি যে, তোমরা যে নাগরিকদের তালিকা দিয়েছ, সেই তালিকা অনুযায়ী যাচাই করে নাগরিকদের ফেরত নিয়েছি। ফলে সে পদ্ধতিতেই ফেরত পাঠানো উচিত। তারপরও ভারত পুশইন করছে, এটি দুর্ভাগ্যজনক। আমরা এ বিষয়ে প্রতিবাদ করছি।
এখন বাংলাদেশের কি করার রয়েছে– উত্তরে উপদেষ্টা বলেন, একটি কথা অনস্বীকার্য যে এ বিষয়ে আমরা যুদ্ধ করবো না নিশ্চই। তাহলে বাকি পদ্ধতি বাকি থাকে, সেটি হচ্ছে কূটনৈতিক আলোচনা। সেটি আমরা করছি। সাফল্য এখন আসছে না, আমরা আশাকরি যে সাফল্য আসবে।
