শাবি প্রতিনিধি:
গতসোমবার দুপুরে রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনায় শাবিপ্রবি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিবৃতিতে শোক প্রকাশ করেন তারা।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রায় ২৯ জন নিহত এবং ১৭১ জন গুরুতর আহত হয়েছেন, যাদের অনেকেই বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয় “আমরা অত্যন্ত দুঃখ ও শোকের সাথে জানাচ্ছি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ফলে যে ভয়াবহ প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে, তা আমাদের সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে। কর্মচারী ইউনিয়নের সকল সদস্যবৃন্দ নিহতদের রুহের মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও বিমান বাহিনীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। পাশাপাশি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। মহান আল্লাহ তায়ালার কাছে আমরা প্রার্থনা করছি যেন এই শোক সহ্য করার শক্তি তিনি সংশ্লিষ্ট সকলকে দান করেন।”
উল্লেখ্য, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং পুরো জাতি এই শোকাবহ ঘটনায় শোকাহত।


