ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সশস্ত্র হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি আরো একদিনের জন্য বাড়ানো হয়েছে।ইসরায়েলের সামরিক বাহিনী এই ঘোষণা দিয়েছে। এর ফলে যুদ্ধবিরতির সময় বেড়ে গড়াল সপ্তম দিনে। এর আগে ২৭ নভেম্বর গাজায় মানবিক যুদ্ধবিরতির সময় বাড়ানো হয়েছিল দুই দিনের জন্যে। যার মেয়াদ আজ বৃহস্পতিবার সকাল ৭টায় শেষ হবার কথা ছিল।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, জিম্মিদের মুক্তি প্রক্রিয়া অব্যাহত রাখতে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা এবং চুক্তির শর্তাবলী সাপেক্ষে হামাসের সাথে যুদ্ধবিরতি চলবে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এর মধ্যেই ২৮ অক্টোবর থেকে অবরুদ্ধ ওই উপত্যকায় স্থল হামলাও শুরু করে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে এই যুদ্ধে সেখানে ১৫ হাজার আট শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১০ হাজারের বেশি নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৩০ হাজারের বেশি মানুষ।
টানা ৪৮ দিন যুদ্ধ শেষে গত ২৪ অক্টোবর থেকে চার দিনের সাময়কি যুদ্ধবিরতিতে সম্মত হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েল। এরপর দুদিন বাড়ানোর হয় সেই যুদ্ধবিরতির মেয়াদ। সর্বশেষ দ্বিতীয় মেয়াদের আরও একদিনের জন্য বাড়ানো হল সামিয়ক যুদ্ধবিরতির মেয়াদ।
এরইমধ্যে যুদ্ধবিরতি চুক্তির অধীনে হামাস ও গাজার অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো ৭০ ইসরায়েলি এবং যুদ্ধবিরতি কাঠামোর বাইরে থাকা অন্যান্য জাতীয়তার আরও প্রায় ৩০ জিম্মিকে মুক্তি দিয়েছে। আর ইসরায়েল থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের সংখ্যা পৌঁছেছে ২১০ জনে।