মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে মজুত করা ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় গত রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্র জানিয়েছে, চিতলিয়া বাজারে হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া দীর্ঘদিন ধরে সরকারি বিধি লঙ্ঘন করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে আসছিলেন। তার বাড়িতে অভিযান চালানো হলে আটটি ড্রামে সংরক্ষিত ১ হাজার ৬০০ লিটার ডিজেল পাওয়া যায়। তবে হিরন মিয়া ও তার ছেলে জুয়েল মিয়া পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
পজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ‘অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা অর্জনের কোনো সুযোগ নেই। জব্দ করা ডিজেল সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।’
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে একসাথে পাঁচ তাদের মধ্যে দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, গুরুতর অবস্থায় এক শিশুকে সিলেটে পাঠানো হয়েছে এবং বাকি দুই শিশুকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে স্বাস্থ্য বিভাগের নিবিড় তত্ত্বাবধানে।
বুধবার (১ এপ্রিল) সরজমিনে গিয়ে স্থানীয় স্বাস্থ্য সূত্র জানায়, গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে শিশুগুলো হাসপাতালে আসে। সন্দেহজনক ভাবে উপসর্গ বিশ্লেষণ করে চিকিৎসকরা হামের সম্ভাবনা সন্দেহে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং দুই শিশুকে ভর্তি করে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখেন।
এদিকে,এক শিশুর অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষণিক ভাবে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল-এ রেফার করা হয়। অন্যদিকে আরও দুই শিশুকে প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে বাড়িতে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু সালেহ খান বলেন,শিশুদের মধ্যে হামের প্রাথমিক লক্ষণ পাওয়া গেছে সন্দেহভাজন, আমরা দ্রুত চিকিৎসা শুরু করেছি এবং পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রয়েছে।
তিনি আরও জানান, হামের মতো সংক্রামক রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে অভিভাবকদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধানের চারা কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বিল্লাল মিয়া (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল মিয়া ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিল্লাল মিয়া ও একই গ্রামের মছরব আলী প্রতিবেশী এবং পাশাপাশি বাড়ির বাসিন্দা। শুক্রবার দুপুর প্রায় ২টার দিকে ধানের চারা কাটাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি গোষ্ঠীগত সংঘর্ষে রূপ নেয় এবং দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় বিল্লাল মিয়াকে উদ্ধার করে সিলেট উসমানী হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর উপশহরস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে ভারতের সহকারী হাইকমিশন, সিলেট-এর উদ্যোগে এ আয়োজন করা হয়।
সিলেটে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার জনাব অনিরুদ্ধ দাস সাংবাদিকদের উদ্দেশ্য তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে সিলেট অঞ্চলের সাংবাদিকরা দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা করেন ।
তিনি ভবিষ্যতেও এ ধরনের সম্প্রীতিমূলক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোহিত দিদার, সিলেট উইমেনস জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সুবর্ণা হামিদ, বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট ব্যুরো চীফ সেলিম আওয়াল ও দ্যা ডেইলি স্টারের সিলেট ব্যুরো চীফ দ্বোহা চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী,সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর,সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, দৈনিক মানবজমিন এর কূটনীতিক প্রতিবেদক মিজানুর রহমান ও দৈনিক বিজনেস ফাইলের সিলেট ব্যুরো চীফ বিদ্যা রত্ন রায়।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত বন্ধনকে আরও সুদৃঢ় করে। পাশাপাশি বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী হবে বলেও তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিকবৃন্দ।
সিলেট জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক নাহিদা খান সুর্মি অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় |
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন- ১ এর সামনে সকাল ১০টায় দিবসটি উপলক্ষে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
পরে সকাল ১০টা ২০ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য। এসময় পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শিক্ষক সমিতি, হল প্রশাসন, কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন, শাবি প্রেসক্লাবসহ বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
পুস্পস্তবক অর্পণের পর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতির এই ক্রান্তিলগ্নে যারা আত্মত্যাগ করেছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।
তিনি আরও বলেন, দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। এই অঞ্চলের কৃতি সন্তান ও প্রখ্যাত অর্থনীতিবিদ মরহুম সাইফুর রহমানের প্রচেষ্টায় দেশে ভ্যাট সিস্টেম চালুর মাধ্যমে অর্থনীতির মজবুত ভিত্তি তৈরি হয়েছিল। শিক্ষার্থীদের কেবল পড়াশোনায় মনোযোগী হলেই চলবে না, বরং দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলী অর্জন করে দেশের কল্যাণে কাজ করতে হবে।
সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) পরীক্ষার মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হয়।
জেলার শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট কেন্দ্রে সকাল ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কেন্দ্রে মোট ২৪৯ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত ছিলেন ১৪৯ জন, যা মোট পরীক্ষার্থীর ৫৯.৮৩ শতাংশ। বাকি ১০০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরীক্ষা শেষে সন্তোষ প্রকাশ করেছেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। পরীক্ষার্থী সুমা রায় ও আদিলুর রহমান বলেন, প্রশ্নের মান ছিল মানসম্মত এবং পরীক্ষার পরিবেশও ছিল অনুকূল, যা তাদের ভালোভাবে পরীক্ষা দিতে সহায়তা করেছে। তারা ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শেখ আবদুল লতিফ জানান, নির্ধারিত ২৪৯ জনের মধ্যে ১৪৯ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন এবং পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, আগামী ৩ এপ্রিল ‘বি’ (মানবিক) এবং ১০ এপ্রিল ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটে ১ হাজার ৬৫ জন এবং ‘এ’ ইউনিটে ৩ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মান্নারগাঁও ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের প্রবাসী হাফিজ মাওলানা মুশতাক আহমদের ৭ বছর বয়সী শিশু সন্তান মোঃ আব্দুল্লাহ আল মামুনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) জুম্মা নামাজ বাদে দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে স্থানীয় সাধারণ জনতা ও দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনসহ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নিষ্পাপ শিশু আব্দুল্লাহ আল মামুনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা পুরো এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। বক্তারা আরও বলেন, এ ধরনের নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশু হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে প্রশাসনের প্রতি কঠোর হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ।
মানববন্ধন শেষে আয়োজকরা দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ দোয়ারাবাজার উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বোগলা বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। তিনি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, তিনি বোগলা বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি বিভিন্ন সময় রাজনৈতিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে একাধিক মামলার আসামী হন এবং কারাবরণসহ নানাভাবে হয়রানির শিকার হয়েছেন।
শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা—“ঈদ মোবারক” জানান।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধান ক্ষেত থেকে আব্দুল্লাহ আল মামুন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার হওয়ায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে শোক, আতঙ্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে উপজেলার ৪নং মান্নারগাঁও ইউনিয়নের গোপালপুর (শ্রীনাথপুর) গ্রামের নুরুল আমিনের ধান ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল্লাহ আল মামুন একই গ্রামের হাফেজ মাওলানা মোস্তাক আহমদের ছেলে। ঘটনার দিন দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে সে বাড়ির সামনে সহপাঠীদের সঙ্গে খেলতে বের হয়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর ২টার দিকে খেলার মাঠে গিয়ে তাকে না পেয়ে আশপাশে তল্লাশি চালানো হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পর বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া যায়, নুরুল আমিনের ধান ক্ষেতে একটি শিশুর মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আব্দুল্লাহ আল মামুনের বলে শনাক্ত করেন।
ঘটনার সংবাদ পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শামছ উদ্দিন খান এবং সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মো. মুরসালিন ঘটনাস্থল পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন এসআই মনিরুল ইসলাম ও এসআই মোহন রায়সহ পুলিশের একটি টিম।
পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদনের সময় শিশুটির মাথার পেছনে, ঘাড়ে ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং জনমনে চরম উদ্বেগ বিরাজ করছে। দোয়ারাবাজার থানায় এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত জোরদার করেছে।
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ আবু সুফিয়ান মোল্লা (৬০) নামের এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের পানিছড়া তুন্দুর এলাকায় হাবিবনগর চা বাগান বাংলোর সামনে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি ট্রাক ও চা বাগানের একটি পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আবু সুফিয়ান মোল্লা নিহত হন।
নিহত আবু সুফিয়ান মোল্লা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের মৃত সৈয়দ আহমদ মোল্লার পুত্র। তিনি হাবিবনগর চা বাগানে এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।