নাজিম উদ্দিন, লাখাই :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় জালাল মিয়া (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে অলিপুরের বাদশা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত জালাল মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি উত্তর গ্রামের (গুনিহাটি) মৃত আব্দুহুসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজের পেশাগত কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে অলিপুরের দিকে রওনা হন জালাল মিয়া। পথে অলিপুরের বাদশা গেট এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এদিকে, গতকাল সড়ক দুর্ঘটনায় কালাউক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তালহার মৃত্যুর শোক কাটতে না কাটতেই একই উপজেলার আরেক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জালাল মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবার, স্বজন ও গ্রামবাসীর মধ্যে শোকের আবহ তৈরি হয়। তাঁর মৃত্যুতে স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশ করেছেন।


