বিয়ানীবাজার প্রতিনিধি ::
সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। রোবিবার (২৪ আগস্ট) সকালে তিনি বিয়ানীবাজার উপজেলায় শহীদদের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
রোববার সকালে প্রথমে তিনি কাকুরার মান্দার গ্রামে সুহেল আহমদের কবর জিয়ারত করেন। এরপর তারেক আহমদ ও ময়নুল হোসেনের কবর জিয়ারত করেন তিনি। সর্বশেষ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত শেষে তাদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।
শহীদ পরিবারের সঙ্গে আলাপকালে ডিসি সারওয়ার আলম বলেন, গণঅভ্যুত্থানের শহীদদের কাছে আমরা ঋণী। তাদের আত্মত্যাগের কারণেই আমরা মুক্ত পরিবেশ পেয়েছি। যে চেতনা নিয়ে তারা জীবন উৎসর্গ করেছিলেন, সেই চেতনা সমুন্নত রাখতে আমরা সবাই দায়বদ্ধ। এ সময় তিনি আশ্বাস দেন, প্রশাসন সর্বদা শহীদ পরিবারের পাশে থাকবে এবং তাঁদের প্রতি সম্মান ও যত্নের কোনো ঘাটতি থাকবে না।


