সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের বেশ কিছু অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (>৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, এ সময়ে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।


