শাবিপ্রবি প্রতিনিধি:
সাত মাস পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক শাবিপ্রবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সাংগঠনিক পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোন বিধিনিষেধ রইল না।
দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, “স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। কেন্দ্র একটি নির্দিষ্ট সময়ের জন্য বহিষ্কার করে থাকে। সেই নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ায় বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে।”
এ বিষয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম বলেন,”মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমার আবেগ, অনুভূতির সংগঠন। দীর্ঘ ৭ মাস সাংগঠনিক পদ থেকে দূরে ছিলাম যা আমাকে সাংগঠনিক নিয়ম-শৃঙ্খলা শিখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
দীর্ঘদিন পরে ছাত্রদলের পদ ফিরে পাওয়াতে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং নাসির উদ্দীন নাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে ছাতদলের একজন কর্মী হিসেবে সংগঠনের নিয়ম-শৃঙ্খলা মেনে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করা প্রত্যয় ব্যক্ত করেন ।


