কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::
সৌদি আরবে কর্মস্থলে দুর্ঘটনায় নিহত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ অবশেষে দেশে ফিরেছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বজনরা মরদেহ দুটি বুঝে নেন। নিহতের মামা নজির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সম্পূর্ণ সরকারি ব্যয়ে মরদেহ দেশে আনার ব্যবস্থা করে দিয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার পাড়ুয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে জয় আহমদ (২৩) এবং দলইরগাঁও গ্রামের আব্দুল হাফিজের ছেলে মোতাহের হোসেন (৩৭)। গত ৫ জুলাই সৌদি আরবের রাজধানী রিয়াদের দিরা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকেই নিহতদের স্বজনরা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছিলেন। পরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সরকারি খরচে মরদেহ দেশে পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল বলেন, শুরু থেকেই নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছিল। মন্ত্রীর আন্তরিক সহযোগিতায় সরকারি খরচে মরদেহ দেশে আনা এবং নিজ নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
স্বজনরা জানান, আগামীকাল শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় দলইরগাঁও গ্রামের নিজ বাড়িতে মোতাহের হোসেনের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর সাড়ে ১১টায় পাড়ুয়া গ্রামের নিজ বাড়িতে জয় আহমদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।


