মাসুদ রানা সোহাগ,দোয়ারাবাজার প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সাধারণ মানুষ। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই উপজেলার বিভিন্ন বাজারে ক্রেতাদের ভিড় বাড়ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোকানপাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
দোয়ারাবাজারের সদর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে কাপড়, জুতা, প্রসাধনী ও শিশুদের পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে তরুণ-তরুণী ও শিশুদের ঈদের পোশাক কেনার আগ্রহ সবচেয়ে বেশি।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রমজানের শুরুতে বেচাকেনা কিছুটা কম থাকলেও ঈদ যত ঘনিয়ে আসছে বাজার ততই জমে উঠছে। এনাম বস্ত্রালয়ের বিক্রেতা মাওলানা এমান উদ্দীন বলেন, “অন্য ঈদের তুলনায় এবার বিক্রি মোটামুটি হচ্ছে। আশা করছি ঈদের আগের কয়েকদিনে বিক্রি আরও বাড়বে।”
হামিরাহ বেবি শপের বিক্রেতা জাহিদুল ইসলাম হীরা বলেন, “আমার বেবি শপটি নতুন করে খুলেছি। ঈদকে ঘিরে শুরুতে বিক্রি ভালোই হচ্ছে। ক্রেতাদের সাড়া পেয়ে ভালো লাগছে।”অন্যদিকে দ্বীপদ বস্ত্রালয়ের বিক্রেতা দ্বীপদ রায় বলেন, ঈদ যত ঘনিয়ে আসছে বিক্রি ততই বাড়ছে। সৃষ্টিকর্তার আশীর্বাদে ব্যবসা ভালোই চলছে।
ক্রেতারাও পরিবার-পরিজনের জন্য প্রয়োজনীয় কেনাকাটা করতে বাজারে ভিড় করছেন। ক্রেতা পিয়েল আহমেদ বলেন, ঈদের কেনাকাটা করতে এসেছি। অনেক জিনিসের দাম নাগালের মধ্যেই আছে, তাই প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করছি।
সানজিদা শারমিন নামে এক শিক্ষার্থী বলেন, ঈদের বাজার বলে কথা, অন্য সময়ের তুলনায় দরদাম একটু বেশি দেখা যায়। তবে ঈদের সময় নিজের পছন্দ অনুযায়ী পোশাক কিনতে হলে একটু বেশি দাম দিয়েই নিতে হয়।
স্থানীয়রা মনে করছেন, ঈদকে ঘিরে দোয়ারাবাজারের বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতার এই প্রাণচাঞ্চল্য এলাকার ব্যবসা-বাণিজ্যে নতুন গতি এনে দিয়েছে। ঈদকে সামনে রেখে পুরো বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
