আধুনিক ডেস্ক ::
রাজধানীর উত্তরায় ছয়তলা একটি বাড়িতে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন নারী ও শিশুসহ ৬ জন। শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সকালে তিনজন নিহত হন, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। নিহতদের নাম–পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের বাড়িটিতে আগুন লাগার ঘটনা ঘটে। দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। আগুনে পুড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ১০টার দিকে পুরোপুরি নিভেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।
ফায়ার সার্ভিসের জনসংযোগ শাখার কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ঘরে প্রচুর আসবাব ছিল। সেগুলোয় আগুন লেগে যায়। আগুন তাই দ্রুত ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন–৩–এর উপসহকারী পরিচালক মো. আবদুল মান্নান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুন দ্বিতীয় তলায় লেগে তা তিনতলা পর্যন্ত ছড়িয়ে যায়।
