কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নতুন পদায়ন হয়েছেন শফিকুল ইসলাম খান। তিনি ছাতক থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার ওসি, সিলেটের ওসি ডিবি, সালুটিকর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ, দক্ষিণ সুরমা, সিটি এসবি ও জেলা পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দায়িত্বশীলতা, দক্ষতা ও সুনামের কারণে তিনি বিভিন্ন পর্যায়ে প্রশংসা অর্জন করেছেন। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।
এদিকে বদলিজনিত কারণে কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ (পিপিএম) নতুন কর্মস্থল হচ্ছে সুনামগঞ্জ সদর থানায়। তাঁর বিদায়ে কোম্পানীগঞ্জের মানুষের মাঝে সৃষ্টি হয়েছে আবেগঘন পরিবেশ।
ওসি রতন শেখ কোম্পানীগঞ্জে দায়িত্ব পালনকালে থানাকে সুন্দর ও শৃঙ্খলাপূর্ণভাবে গুছিয়ে তোলেন। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ইভটিজিং দমনে কঠোর পদক্ষেপ নিয়ে এলাকাবাসীর বিশ্বাস অর্জন করেন। তিনি ছিলেন জনবান্ধব, মানবিক, শান্ত, স্থির ও অত্যন্ত ধৈর্যশীল একজন কর্মকর্তা। মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতেন, কখনো বিরক্তি বা অবহেলা দেখাতেন না। সততা, নিষ্ঠা ও মেধার মাধ্যমে তিনি পেয়েছেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি’র স্বীকৃতি।
নতুন ওসি শফিকুল ইসলাম খানের পদায়নে এলাকায় নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয়রা আশা করছেন, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিতকরণে তিনি নতুন উদ্যমে কাজ করবেন।
