আধুনিক ডেস্ক ::
সিলেট নগরের ইলাশকান্দিতে কিশোর গ্যাংয়ের বিরোধে ছুরকাঘাতে এক কিশোর খুন হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহ মাহমুদ হাসান তপু এয়ারপোর্ট থানাধীন ইলাশকান্দি (বাদামবাগিচা) উদয়ন ৪০/২ নং বাসার শাহ এনামুল হকের ছেলে। এ ঘটনায় মূল অভিযুক্তকে আটক করেছে পুলিশ। নিহত তপু খাসদবির উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (সিটিএসবি) মো. তারেক আহমেদ জানান, কিশোরদের দুই গ্রুপের বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একটি গ্রুপের প্রধান এয়ারপোর্ট থানার খাসদবির এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. জাহিদ হাসানের এলোপাতাড়ি ছুরিকাঘাতে অপর গ্রুপের তপু মারাত্মক আহত হন। তাকে আত্মীয়স্বজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে শুক্রবার সকাল ৬টার দিকে সে মৃত্যুবরণ করে।
পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযৃুক্ত জাহিদসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে। তারা হলো নগরীর কোতোয়ালী থানাধীন লোহারপাড়া এলাকার আব্দুল মনিরের ছেলে মো. অনিক মিয়া ও মো. বশিরুল ইসলামের ছেলে মো. জুনেদ আহমদ। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
