আধুনিক রিপোর্ট ::
সড়কের পাশে প্রশ্রাব করা নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ইটের আঘাতে খুন হয়েছেন এক বিএনপি নেতা। বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকার মোকামেরগুলে ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রহমান (৬৫) কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ওই এলাকার শাহ সুন্দর মাজারের খাদেম। আব্দুর রহমানকে আঘাতের দায়ে অভিযুক্ত সুমন আহমদও আহত হন। তিনিও ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে কোনো এক সময় পালিয়ে যান।
স্থানীয়দের বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বুধবার বিকেলে সড়কের পাশে প্রশ্রাব করছিলেন সুমন। এতে আব্দুর রহমান বাধা দেন। এ নিয়ে তর্কতর্কির পর আব্দুর রহমানের ছেলো সুমনকে মারধর করে। একপর্যায়ে সুমন ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করেন।
সাইফুল ইসলাম বলেন, আব্দুর রহমান ও সুমন দুজনই আহত হয়ে বুধবার রাতে ওসমানী হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে আব্দুর রহমান বৃহস্পতিবার সকালে মারা যান। আর সুমন হাসপাতাল থেকে কোনো এক সময় পালিয়ে যান।
