শাবি প্রতিনিধি ::
১০ ডিসেম্বরের মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যাল কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে- উপাচার্য, উপ উপাচার্যর এমন আশ্বাসের প্রেক্ষিতে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন বিশ্ববিদ্যালয়টির বিক্ষোভরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার মধ্যরাতে শিক্ষার্থীদের সামনে উপস্থিত হয়ে এমন আশ্বাস দেন পসিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ড. এএম সারওয়ারউদ্দিন চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। তাদের এ আশ্বাসের প্রেক্ষিতে রাত সোয়া ১টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে থেকে অবস্থান কমর্সূচি প্রত্যাহারের ঘোষণা দেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।
শাকসু ও হল সংসদ নির্বাচন সংক্রান্ত উপাচার্যের (ভিসি) সংবাদ সম্মেলন স্থগিত হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থী বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আন্দোলনে নামেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একদল শিক্ষার্থী রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে রাত ১০টার দিকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। রাত ১১টার দিকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন ও প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান শুক্রবার তফসিল ঘোষণার আশ্বাস দিলেও অবরোধ চালিয়ে যান শিক্ষার্থীরা। পরে রাত ১টার দিকে ঘটনাস্থলে আসেন উপাচার্য অধ্যাপক ড. এএম সারওয়ারউদ্দিন চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। তারা শিক্ষার্থীদের জানান, শুক্রবার দিনের মধ্যে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে আগামী ৯ বা ১০ তারিখে শাকসু নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারিত করা হবে। এবং রাতের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
