আধুনিক ডেস্ক ::
ট্রেনের ৭শ টিকিটসহ তিন কালোবাজারি আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। সোমবার (১৪ অক্টোবর) রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন থেকে র্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল তাদের আটক করে। আটককৃতরা হলেন- তারা হলেন, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের দক্ষিণ বড়চরের আব্দুল নূরের ছেলে মো. সোহেল মিয়া (৩৩), বানিয়াচংয়ের নোয়াগাঁও গ্রামের মৃত জুনায়েদ মিয়ার ছেলে মো. জলিল সরদার (৪০) এবং শায়েস্তাগঞ্জের দাউদনগরের সাঈদ আলীর ছেলে এনাম মিয়া (৩৪)। তাদের কাছ থেকে ৭০০টিরও বেশি ট্রেন টিকিট উদ্ধার করা হয়। এসব টিকিটের মধ্যে সিলেট-ঢাকা রুটসহ দেশের বিভিন্ন রুটের পুরনো, বর্তমান ও আগাম টিকিট পাওয়া যায়। বুধবার
র্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত। তারা বিভিন্ন সময় অনলাইন ও অফলাইনে বিপুল পরিমাণ টিকিট সংগ্রহ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতো। পরবর্তীতে এসব টিকিট কয়েকগুণ বেশি দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করতো।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা রেলওয়ে টিকিট বিক্রিতে জালিয়াতি করে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলছিল। আটককৃতদের পরবর্তীতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শায়েস্তাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ৫শ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। র্যাব জানিয়েছে, টিকিট কালোবাজারিসহ আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।


