বিশ্বনাথ প্রতিনিধি ::
সিলেটের বিশ্বনাথে বিএনপির দুই গ্রপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) পৌর সদরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মো. হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়।
বিশ্বনাথ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে বাসিয়া ব্রিজের দুই পারে বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। খবর পেয়ে থানা পুলিশের পক্ষ থেকে দুই গ্রুপকে নিবৃত করার চেষ্টা চলে। তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ সংঘর্ষ চলছিল। পরে সেনাবাহিনীর টহল দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. হুমায়ুন কবিরের নির্বাচনী সমাবেশ ছিল দৌলতপুর ইউনিয়নে। সন্ধ্যায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার মো. হুমায়ুন কবিরের সমাবেশ শেষে উভয় পক্ষের লোকজন বিশ্বনাথ উপজেলা সদরে ফিরলে রাত সাড়ে ৯টার দিকে মো. হুমায়ুনপন্থীরা মিছিল বের করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
জানা গেছে, হুমায়ুন কবির বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত নেতাকর্মীদের নিয়ে সিলেটের বিশ্বনাথে সভা সমাবেশ করছেন। এ ঘটনায় স্থানীয় বিএনপির মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও হতাশা। এসব নেতাদের প্রায় সকলেই আওয়ামী সরকারের সুবিধাভোগী হিসেবে তৃণমূল নেতাকর্মীদের কাছে অভিযুক্ত। তাদের অধিকাংশই আওয়ামী সখ্যতাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের সকল নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে বহিস্কৃত হয়েছিলেন। অনেকে প্রাথমিক সদস্যপদও হারিয়েছিলেন।
বিএনপি থেকে বহিস্কৃত নেতৃবৃন্দকে নিয়ে সমাবেশকে ঘিরে রোববার থেকেই বিশ্বনাথ পৌর সদরে ইলিয়াসপন্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।


