কোম্পানিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রোপওয়ে (বাঙ্কার) সংরক্ষিত এলাকায় ও ধলাইব্রীজ সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত টাস্কফোর্সের অভিযানে ১১টি বারকি নৌকা ধ্বংস করা হয়েছে। এ সময় একটি লিস্টার মেশিন ও একটি ট্রাক্টর জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) আবুল হাছনাত। অভিযানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারসহ একদল পুলিশ সদস্য।
এদিকে, একই দিন কোম্পানীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ভারতীয় ৪৫ পিস ফেনসিডিলসহ আবু হানিফ (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত নিলম মিয়ার পুত্র। বর্তমানে তিনি ঢাকার উত্তরায় বসবাস করতেন।
পুলিশ জানায়, সকাল ৯টা ৫০ মিনিটে সিলেট–ভোলাগঞ্জ মহাসড়কের খাগাইল এলাকায় তল্লাশিকালে একটি গাড়ি থেকে স্কুলব্যাগভর্তি ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার বলেন, আটককৃত ব্যক্তিকে আগামীকাল বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।গাড়িটি জব্দ করে থানায় রাখা হয়েছে।


