স্পোর্টস ডেস্ক ::
সবশেষ এশিয়া কাপ থেকে অসাধারণ ফর্মে থাকা সাইফ হাসান আবার জ্বলে উঠলেন। ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়ে তুললেন ছক্কার ঝড়। ফিফটি হাঁকিয়ে মোট সাতবার তিনি বল আছড়ে ফেললেন সীমানার ওপারে। তার নৈপুণ্যে অনায়াসে জিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। রোববার শারহাজতে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে টাইগাররা। আফগানদের ছুঁড়ে দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তারা স্পর্শ করে ১২ বল হাতে রেখে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪১টি সিরিজ খেলে অষ্টমবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। এর মধ্যে তিন ম্যাচের সিরিজে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার ও সব দল মিলিয়ে চতুর্থবার ৩-০ ব্যবধানে জিতল তারা। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা বাকি চারটি সিরিজ ছিল দুই ম্যাচের।
১৫ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে চতুর্থ হাফসেঞ্চুরির স্বাদ নিলেন ডানহাতি ব্যাটার সাইফ। ৩২ বলে ফিফটি ছুঁয়ে ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। ৩৮ বল মোকাবিলায় তিনি দুটি চারের সঙ্গে হাঁকান সাতটি ছক্কা।
এই সংস্করণের ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড পারভেজ হোসেন ইমনের দখলে। গত মে মাসে এই মাঠেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নয়টি ছক্কা মেরেছিলেন তিনি। রিশাদ হোসেনের সঙ্গে যৌথভাবে পরের অবস্থানে উঠে এলেন সাইফ। গত বছরের মার্চে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে সাতটি ছক্কা এসেছিল রিশাদের ব্যাট থেকে।
