স্পোর্টস ডেস্ক ::
শারজায় আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ওই সিরিজের জন্য স্কোয়াডে আছেন সৌম্য সরকারও। কিন্তু রোববার (৫ অক্টোবর) সিলেটে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টিতে দেখা গেল সৌম্য সরকারকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের হয়ে রোববার তিনি ঢাকা বিভাগের বিপক্ষে মাঠে নামেন। ব্যাটিংয়ে ওপেনিংয়ে নেমে ২৪ রান করে আউট হন। ম্যাচে সৌম্যর দল খুলনা ১৭ রানে জয়ী হয়েছে। সৌম্য আসলে সিলেটে রয়ে গেছেন সংযুক্ত আরব আমিরাতে যেতে না পারায়। ভিসা জটিলতায় মধ্যপ্রাচ্যের দেশটিতে যেতে পারেননি বাংলাদেশের হয়ে ৮৭টি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার।
বিসিবি থেকে দেরিতে ভিসার আবেদন করায় সাড়া দেয়নি ঢাকাস্থ আরব আমিরাত দূতাবাস। এ কারণেই গত ডিসেম্বরের পর থেকে বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় থাকা সৌম্য আফগানিস্তান সিরিজেও খেলতে পারছেন না। সৌম্যকে ছাড়াই প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। রোববারও সিরিজের শেষ ম্যাচে তাকে ছাড়াই খেলছে জাকের আলীর দল।
বাংলাদেশ দলে ডাক পাওয়ার খবরে সৌম্য এনসিএলে দুই ম্যাচ খেলেই সিলেট ছেড়ে ঢাকা এসেছিলেন। মিস করেছেন খুলনার হয়ে তিনটি ম্যাচ। রোববার আবার দলে ফিরেন।
গত জুলাইয়ে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজেও বাংলাদেশের স্কোয়াডে ছিলেন সৌম্য। কিন্তু পিঠের চোটের কারণে সেই সিরিজ থেকে ছিটকে যান। এর আগে শ্রীলঙ্কা সফরেও চোটের কারণে খেলতে পারেননি। ছিলেন এশিয়া কাপের প্রাথমিক দলেও। যদিও মূল স্কোয়াডে জায়গা হয়নি, রাখা হয়েছিল স্ট্যান্ডবাই হয়ে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অনেক দিন ধরেই ছন্দে নেই সৌম্য। সর্বশেষ ৩০ ইনিংসে কোনো ফিফটি পাননি। যদিও এনসিএলের প্রথম দুই ম্যাচে রান পেয়েছেন। রাজশাহী বিভাগের বিপক্ষে ৬২ আর ঢাকা মহানগরের বিপক্ষে ৪৫। আর রোববার ঢাকা বিভাগের বিপক্ষে করলেন ২৪ রান।
