জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেট-তামাবিল মহাসড়কের আসামপাড়া এলাকায় বালুবোঝাই ডিআই পিকআপ ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে খলিলুর রহমানের কন্যা সাদিয়া আক্তার (৫) ও ছেলে মাহিন (৩) তাদের অভিভাবকের সঙ্গে ইজিবাইকে করে আসামপাড়া গুচ্ছগ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। ইজিবাইকটি আসামপাড়া সেতু অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বালুবোঝাই ডিআই পিকআপের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তারা।
আহতদের মধ্যে সাদিয়া আক্তার (৫), মাহিন (৩) এবং ইজিবাইক চালক ডুলটিরপাড় গ্রামের বিলাল মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩৫) স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত সাদিয়া ও মাহিনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাদিয়া আক্তার।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ডিআই পিকআপটি আটক করে তামাবিল হাইওয়ে থানা পুলিশ।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডিআই পিকআপ জব্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
