কোম্পানিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে অবশেষে আইনের দ্বারস্থ হন এক প্রবাসী পরিবারের সদস্যরা। বিষয়টি আমলে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ছেলেকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জানা গেছে, উপজেলার রাজনগর গ্রামের প্রবাসী হাবিব মিয়ার ছেলে তোফাজ্জল ইসলাম (২২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে মাকে শারীরিকভাবে নির্যাতন করে আসছিল। বিদেশ থেকে ফিরে পিতা সন্তানের সংশোধনের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরবর্তীতে তিনি থানা পুলিশের শরণাপন্ন হলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়।
বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া’র নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত শুনানি শেষে মাদকাসক্ত হয়ে পরিবারের সদস্যদের নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তোফাজ্জল ইসলামকে তিন মাসের কারাদণ্ড দেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত যুবককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
