স্পোর্টস ডেস্ক ::
আন্তর্জাতিক ক্রিকেটে ভারত–পাকিস্তান দ্বৈরথে এর আগে টানা পাঁচ ম্যাচের বেশি জেতেনি কেউ। রোববার (২১ সেপ্টেম্বর) দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টানা প্রতিবেশীদের বিপক্ষে টানা ষষ্ঠ ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়ল ভারত।
১৭২ রানের লক্ষ্যটা ৭ বল হাতে রেখেই জিতেছে ভারত। টি–টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছে ভারত। আগের রেকর্ডটা ১৬০, ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে।
রান তাড়ায় ভারতের উদ্বোধনী জুটিই ৯.৫ ওভারে তুলে ফেলে ১০৫ রান। ফিফটি থেকে ৩ রান দূরে থেকে বিদায় নেন শুবমান গিল। এরপর ৩ ওভারের মধ্যে ১৮ রানে পাকিস্তান ৩ উইকেট তুলে নিয়েছিল। তবে তিলক বর্মা সঞ্জু স্যামসন ও হার্দিক পান্ডিয়াকে নিয়ে ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে নিয়ে যান ভারতকে।
রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছিল পাকিস্তান। ১০ ওভারে ১ উইকেটে ৯১ রান তুলে ফেলেছিল তারা। দুইশ’ ছোঁয়া দলীয় রানের আশা দিচ্ছিল। কিন্তু মিডল ওর্ডারে উইকেট হারিয়ে ও স্লগে মন্থর ব্যাটিংয়ে রান করতে পারেনি, ৫ উইকেটে ১৭১ রানে আটকে যায় পাকিস্তান।
পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে নেমে ৯ বলে ১৫ রান করেন ফখর জামান। পরে ওপেনার শাহিবজাদা ফারহান ও তিনে নামা সাইম আইয়ূব ৭১ রানের জুটি গড়েন। আইয়ূব ফিরে যান ১৭ বলে ২১ রান করে। এরপরই মোমেন্টাম হারায় পাকিস্তান। হুসেইন তালাত ১১ বলে ১০ রান করেন। ফারহান ৪৫ বলে ৫৮ রান করে আউট হন। দলের রান তখন ১৪.১ ওভারে ১১৫। মোহাম্মদ নওয়াজ ১৯ বলে ২১ এবং অধিনায়ক সালমান আগা ১৩ বলে ১৭ রানের ইনিংস খেলেন। শেষটায় ফাহিম আশরাফ ৮ বলে দুই ছক্কা ও এক চারে ২০ রান করায় রান কিছুটা বাড়ে।
ভারতের ইনিংসে সর্বোচ্চ ৭৪ রান করেছেন ওপেনার অভিষেক শর্মা। টুর্নামেন্টে পাকিস্তানের পরের ম্যাচ মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে। পরের দিন ভারত খেলবে বাংলাদেশের বিপক্ষে।
