স্পোর্টস ডেস্ক ::
২৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই পাকিস্তানের ১২৭ রান পেরিয়ে গেল ভারত। পাকিস্তানি স্পিনার সুফিয়ান মুকিমকে মিডউইকেট দিয়ে ছক্কা মেরেই ভারতকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক সূর্যকুমার যাদব। দুই ম্যাচে ভারতের এটি দ্বিতীয় জয়, সমান ম্যাচে পাকিস্তান হারল প্রথমবার।
রোববারের (১৪ সেপ্টেম্বর) ম্যাচে ৩৭ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন ভারত অধিনায়ক। টি–টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এটিই সূর্যর সর্বোচ্চ ইনিংস। ৭ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন আরেক ব্যাটসম্যান শিবম দুবে।
টানা দ্বিতীয় জয়ে সুপার ফোর খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছে ভারত। পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ওমানকে হারালে পুরোপুরি নিশ্চিত হবে ভারতের পরের পর্বে উত্তরণ। প্রথম পর্বে ভারতের শেষ ম্যাচ ১৯ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে। পাকিস্তানের শেষ ম্যাচ বুধবার আরব আমিরাতের বিপক্ষে।
