আধুনিক ডেস্ক ::
স্ত্রীকে হত্যা করে নওগাঁ থেকে পালিয়ে এসেছিলেন মো. তানভীর চৌধুরী পালিয়ে এসেছিলেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সিলেটের জৈন্তাপুর উপজেলার চৈলাখেল নিজপাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৯।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নওগাঁ সদর উপজেলায় কাঠাতলীতে আদালতে যাওয়ার সময় স্ত্রী জুথি খাতুনকে (২২) ছুরিকাঘাতে হত্যা করেন তানভীর। নিহত জুথি খাতুন (২২) সদর উপজেলার আনন্দনগর মৃধা পাড়ার ঝুন্টু প্রামানিকের মেয়ে। তানভীর গাজীপুরের কাশিমপুর উপজেলার সারদাগঞ্জ এলাকার বাবুল চৌধুরীর ছেলে।
জানা গেছে, প্রেমের সম্পর্ক থেকে গাজীপুরের তানভীরের সঙ্গে প্রায় এক বছর আগে জুথির বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর জুথি জানতে পারেন তার স্বামীর আরেকজন স্ত্রী আছেন। এ নিয়ে কলহ শুরু হলে জুথি বাবার বাড়িতে চলে আসেন। পরে আদালতে মামলা করেন তিনি। বৃহস্পতিবার মামলার শুনানি ছিল। সকালে আদালতে যাওয়ার পথে আগে থেকে ওত পেতে থাকা তানভীর জুথিকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ জুথির লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে নওগাঁ সদর মডেল থানায় মামলা করেন।
